৬ মাস পর আমাকে আর দরকার পড়বে না: তামিম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৬:৩২ পিএম

বাংলাদেশের জার্সিতে আগামী ৬ মাস টি-টোয়েন্টি খেলতে দেখা যাবে না তামিম ইকবালকে। তবে টেস্ট ও ওয়ানডে চালিয়ে যাবেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের ফ্র্যাঞ্চাইজি মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে এক সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান দেশের এই ড্যাশিং ওপেনার।

তবে ৬ মাস পর বড় কোনো ইভেন্টে দল বা তামিম নিজে যদি মনে করেন ফেরা দরকার তখন প্রত্যাবর্তনের কথা ভাববেন জানিয়েছেন তিনি। আপাতত সীমিত ওভারের এই ক্রিকেট থেকে ‘বিরতি’ নিয়ে টেস্ট ও ওয়ানডের দিকে মনোযোগ দিতে চান ৩২ বছর বয়সী ব্যাটার।

কোনো মান-অভিমানের কারণে নয়, ক্রিকেটের ভিত্তিতে নির্দিষ্ট সময়ের জন্য বিরতি নিয়েছেন জানিয়েছেন তামিম। সাংবাদিকদের সামনে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘বাংলাদেশের হয়ে যদি আমি যেকোনো ফর্ম প্রতিনিধিত্ব করতে পারি, আমার জন্য এরচেয়ে বড় আর কিছুই নেই। মান-অভিমানের জায়গাটা অতটুকু না। আমি যে সিদ্ধান্তটা নিয়েছি, এটা পুরোপুরি ক্রিকেটের ভিত্তিতে।’

৬ মাসের বিরতি নিলেও ফেরার বিষয়টা একেবারে উড়িয়ে দেননি তামিম। বারবার জানিয়েছেন প্রয়োজন হলে দলে ফিরবেন তিনি, ‘আমি আবার বলি, ৬ মাস পর আমাকে আর দরকার পড়বে না। এটাই দোয়া করি, আমাদের দল অসম্ভব ভালো খেলুক। এ রকম যদি কোনো পরিস্থিতি আসে, বড় ইভেন্টের আগে টিম ম্যানেজমেন্ট-বোর্ড বা আমি যদি মনে করি দলে আমাকে দরকার আছে তবে নিঃসন্দেহে বিবেচনা করব।’

বাংলাদেশের হয়ে তামিম সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে, ২০২০ সালের মার্চে। ৭৮ টি-টোয়েন্টিতে ১১৬.৯৬ স্ট্রাইক রেটে ৭ ফিফটি ও এক সেঞ্চুরিতে ১৭৫৮ রান করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত