অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের জন্ম ২৮ জানুয়ারি ১৮৬৫ সালে পাঞ্জাব প্রদেশে। তাকে ‘পাঞ্জাব কেশরি’ নামেও ডাকা হয়। তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও লক্ষ্মী বীমা কোম্পানি স্থাপন করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের লাল-বাল-পালের তিনি অন্যতম নেতা। তার বাবার নাম মুনশি রাধা কৃষ্ণণ আজাদ। তিনি কিছুকাল হরিয়ানার রোহতক এবং হিসার শহরে ওকালতি করেন। বাল গঙ্গাধর তিলক ও বিপিন চন্দ্র পালের সঙ্গে তিনি লাল-বাল-পাল নামেই বিখ্যাত ছিলেন। এই তিন নেতাই প্রথমদিকে ব্রিটিশ উপনিবেশ থেকে ভারতের স্বাধীনতার দাবি করেন। তিনি স্বামী দয়ানন্দ সরস্বতীর সঙ্গে আর্যসমাজকে পাঞ্জাবে জনপ্রিয় করে তোলেন। তিনি অনেক স্থানে দুর্ভিক্ষের সময় শিবির স্থাপন করে মানুষের সেবা করেছেন। ১৯২৮ সালের ৩০ অক্টোবর তিনি সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণ করেন। সেখানে তিনি পুলিশের লাঠিপেটায় গুরুতর আহত হন এবং ১৭ নভেম্বর মারা যান। তার মৃত্যুতে সমগ্র দেশ উত্তেজিত হয়ে ওঠে। চন্দ্রশেখর আজাদ, ভগত সিং, রাজগুরু, সুখদেব ও অন্যান্য স্বাধীনতাসংগ্রামী তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা নেন এবং ১৭ ডিসেম্বর ব্রিটিশ পুলিশ কর্মকর্তা সাংডর্সকে গুলি করে হত্যা করেন। এতে ব্রিটিশ সরকারের কারাগার থেকে তাদের ফাঁসিতে ঝুলানোর আদেশ দেওয়া হয়। তিনি হিন্দি ভাষায় মধ্যযুগীয় ভারতের নেতা শিবাজী ও ভগবান শ্রীকৃষ্ণের জীবনী রচনা করেন।
×
