ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিতে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১১:৩৯ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) অধীনে পরিচালিত সরকারি সব ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রত্যাশীরা।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বিএসসি সচিবালয় থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়, বিরাজমান কভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিএসসি সচিবালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য এমসিকিউ, লিখিত মৌখিক পরীক্ষাসহ সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

বিএসসি সদস্য সচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আজিজুল হক স্বাক্ষরিত ওই সার্কুলারে আরও বলা হয় স্বল্প সময়ের নোটিসে যাতে স্থগিতকৃত পরীক্ষায় অংশ নিতে পারেন সেজন্য পরীক্ষার্থীদেরকে প্রস্তুত থাকতে হবে।

এর আগের দিন বুধবার বিএসসি সচিবালয়ের ২০ জানুয়ারির বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পাঁচটি ব্যাংকের ২০১৯ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ) ১০ম গ্রেডের শূন্য পদে সমন্বিত নিয়োগের এমসিকিউ পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়। ওই নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় বিএসসি সচিবালয় থেকে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করার ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেক চাকরিপ্রত্যাশীকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়। চাকরি সংক্রান্ত বিভিন্ন ফেসবুক গ্রুপে তাদের অনেকেই লিখেছেন, বাণিজ্যমেলা ও বিপিএল খেলা চলছে। কিন্তু নিয়োগ পরীক্ষা পেছানো হচ্ছে। অথচ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রার্থীদের অধিকাংশই টিকা নিয়েছেন। তাছাড়া চাকরির বয়স বসে থাকছে না। এ কারণে তারা চাকরির আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি বেকারদের জন্য প্রণোদনারও দাবি তুলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত