বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন নুরুল হাসান সোহান। এ দলেই আছেন আফগানিস্তান স্পিনার মুজিব উর রহমান। দুজনের শুরুই হচ্ছে একসঙ্গে, চট্টগ্রামে বিপিএলের দ্বিতীয় পর্বে। সোহান করোনা পজিটিভ হয়ে এতদিন ছিলেন দলের বাইরে। আর মুজিব ঢাকা পর্বের শেষে জাতীয় দলের ব্যস্ততা সেরে যোগ দিয়েছেন। এই আসরে একসঙ্গে খেললেও সামনেই আন্তর্জাতিক সিরিজে মুজিবকে পতিপক্ষ হিসেবে পাবেন সোহান ও বাংলাদেশ দল। তাই বিপিএলে মুজিবকে সামলানোর অভিজ্ঞতা যতটা সম্ভব কাজে লাগাতে চান সোহান।
টি-টোয়েন্টিতে আফগানিস্তান বেশ শক্তিশালী দল। র্যাংকিংয়ে তারা সাত নম্বরে। আফগানদের পেছনে শ্রীলঙ্কা, এরপর বাংলাদেশ। বিপিএলের পরেই ঘরের মাঠে দলটির সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশের। ওই সিরিজে মুজিব আফগানদের হয়ে খেলবেন। তাকে সামলানোর প্রস্তুতি নিতে বিপিএলে এই বোলারকে বেশি খেলতে চান সোহান, ‘অবশ্যই চাইব যাতে নেটে বেশি বেশি খেলা যায় (মুজিবকে)। তাহলে আমাদের ব্যাটসম্যান যারা আছে তারা হয়ত এর পরে যে সিরিজে যারা থাকবে তাদের জন্য অনেকটা ইজি হবে, পিক করতে পারলে।’
তাছাড়া এই টুর্নামেন্টে ভালো করে জাতীয় দলের জন্য আত্মবিশ্বাস পুঁজি করতে চান সোহান। আসরে অন্যতম শক্তিশালী দল করেও তিন ম্যাচে দুটিতে হেরেছে বরিশাল। দলের ব্যাটিংলাইনে ৭ জন ব্যাটার থাকতেও বড় স্কোর নেই। সব মিলিয়ে ঢাকার ব্যর্থতা চট্টগ্রামে পুষিয়ে দেওয়ার লক্ষ্য সোহানের। চট্টগ্রামের ব্যাটিং উইকেটে নিজেও ভালো করতে চান।
