ইংল্যান্ড মাস্ক ও করোনাবিধি তুলে নিল

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০১:০৩ এএম

ইংল্যান্ডে এখন থেকে মুখে মাস্ক পরা ও করোনা পাস দেখাতে আইনত কেউ বাধ্য থাকবেন না। গতকাল বৃহস্পতিবার থেকে করোনাভাইরাস-সংক্রান্ত ‘প্ল্যান বি’র নিয়ম শিথিল হওয়ায় মাস্ক ও কভিড পাসে বাধ্যবাধকতা উঠে গেল বলে জানিয়েছে বিবিসি।

স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, টিকাদানে সাফল্য ও কভিড-সংক্রান্ত স্বাস্থ্যবিধি নিয়ে মানুষের ভালো বোঝাপড়া তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারি এ মুখপাত্র আরও বলেন, ‘মাস্ক পরার বিষয়টি এখন যার যার ব্যক্তিগত বিচারবুদ্ধির ওপর নির্ভর করবে।’

তবে সরকার মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিলেও কিছু ব্যবসা প্রতিষ্ঠান বলেছে, তারা ক্রেতা ও গ্রাহকদের মাস্ক পরার বিষয়টি অব্যাহত রাখার কথা বলবে। রেলসেবা পরিচালনাকারী কর্র্তৃপক্ষ বলছে, যাত্রীরা মাস্ক পরবেন বলে তাদের আশা। তবে তারা মাস্ক পরার ব্যাপারে উৎসাহিত করবে, কাউকে বাধ্য করবে না।

লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, লন্ডন সার্ভিসের পরিবহনে মাস্ক পরাটা বাধ্যতামূলক থাকবে। সবাইকে সঠিক কাজটি করার আহ্বান জানান তিনি।

তবে জনস্বাস্থ্য-সংক্রান্ত নির্দেশিকায় অবশ্য জনবহুল ও বদ্ধ জায়গায় অপরিচিত মানুষের সঙ্গে সাক্ষাতের সময় মুখে মাস্ক পরে থাকার আহ্বান জানানো হচ্ছে।

করোনা শনাক্ত, টিকার কার্যকারিতা, স্বাস্থ্যসেবা ব্যবস্থায় রোগীদের চাপ, মানুষের আচরণ ও বিজ্ঞানীদের অবস্থান নিয়ে গত সপ্তাহের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মুখে মাস্ক পরা ও কভিড পাসের নিয়মকানুনে এমন পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকারের স্বাস্থ্য বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত