কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের রিচমন্ড আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গুলিবিদ্ধ চারটি লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রিচমন্ড এলাকার একটি বাড়িতে লাশগুলো পাওয়া যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তারা পরস্পরকে চিনতেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলেছে, গত মঙ্গলবার ভ্যানকুভারের দক্ষিণের গার্ডেন সিটি থেকে ফোন আসে। পরে পুলিশের একটি দল সেখানে গিয়ে দেখতে পায় স্থানীয়রা একটি বাড়ির ভেতরে চারটি লাশ পেয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, সোমবার সন্ধ্যার সময় তাদের পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়।
ঘটনা তদন্তে ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমকে (আইএইচআইটি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তদন্ত দলের সদস্য ডেভিড লি।
কানাডায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ঘটানো হত্যাকাণ্ডের সংখ্যা বাড়ছে। ২০১৩ সালের পর থেকে দেশটির বৃহত্তম শহরগুলোয় অপরাধী দলগুলোর ঘটানো হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে দেশটিতে এ ধরনের ২৭৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।
