বরিশাল নগরের বিমান বন্দর থানার বাঘিয়া এলাকায় এক মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম দিপু হালদার (৪৫), তিনি ওই এলাকার মুক্তিযোদ্ধা রমেন্দ্রনাথ হালদারের ছেলে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হামলাকারী ডেভিড মিস্ত্রি কুডুকে স্থানীয়রা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।
নিহতের মরদেহ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বোন জামাই সজল হালদার জানান, কেন দিপু হালদারকে হত্যা করা হয়েছে তা জানি না। তবে তাকে ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ৪-৫ জন হামলাকারী পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় কুডুকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।
তিনি আরও জানান, রাতে দিপুকে আশঙ্কাজনক অবস্থায় শেবাচিম হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোফাজ্জেল আহম্মেদ বলেন, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে দিপু নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘিয়া শ্রী শ্রী কালিমাতা মন্দির এলাকার মাদকাসক্ত কুডু মিস্ত্রি বৃহস্পতিবার সকালে দিকে স্থানীয় সুমনের চায়ের দোকানে যায়। সেখানে গিয়ে অশ্লীল ভাষায় যাকে তাকে গালাগাল করতে থাকে। এ সময় দিপু তাকে গালাগাল করতে নিষেধ করে এবং চায়ের দোকান থেকে চলে যেতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে ওই সময় দিপু হালদারকে দেখে নেয়ার হুমকি দেয় কুডু। যার জের ধরে রাত ৮টার দিকে হঠাৎ করেই দিপুকে একা পেয়ে ছুরিকাঘাত করে।
তবে পুলিশ আটকের সময় কুডু জানিয়েছেন, তাকে সকালে দিপু মারধর করে। এরপর একটি ছুরি কিনে আনেন তিনি এবং দিপুর ওপর হামলা চালান।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার শেখ মো. সেলিম জানান, ছুরিকাঘাতে দিপু হালদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকা কুডু নামে একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে তিনি আহত থাকায় পুলিশ হেফাজতে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কী কারণে এ হত্যাকান্ড এবং এর সাথে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে স্বজনরা জানিয়েছেন এ ঘটনায় তারা মামলা করবেন তারা।
দিপুর মৃত্যুতে বাসদের শোক: বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব ও সদস্যসচিব মনীষা চক্রবর্তী শুক্রবার এক যৌথ বিবৃতিতে দিপু হালদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
সংগঠনটি জানিয়েছে, দিপু হালদার বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ড সংগঠক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটির সদস্য ছিলেন।
