শুক্রবার সকাল সোয়া ৯টা থেকে শুরু হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ কার্যমেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ। বিকেল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ৪২৮ জন ভোটারের মধ্যে মোট ৩৭০ জন শিল্পী ভোট দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন। এ হিসেবে মোট ভোট পড়েছে ৮৫ দশমিক ২৮ শতাংশ।
এদিকে এবারের নির্বাচনে অনন্ত জলিল, বর্ষা, মাহিয়া মাহি, শাকিব খান, আরিফিন শুভ, পপি, নুসরাত ফারিয়ার মতো শীর্ষ তারকারা ভোট দেননি। তাদের কাউকে শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আসতে দেখা যায়নি। ভোটগ্রহণ শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। একটি প্যানেলে ইলিয়াস কাঞ্চন সভাপতি ও নিপুণ আক্তার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন। এ প্যানেল থেকে সহসভাপতি পদে চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ডি.এ তায়েব, সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক অভিনেত্রী শাহনুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক অভিনেতা আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন অভিনেতা আজাদ খান নির্বাচনে প্রার্থী হয়েছেন। এই প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হচ্ছেন অমিত হাসান, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক শাকিল খান, অভিনেতা নানা শাহ, কমেডিয়ান আফজাল শরীফ, খল-অভিনেতা সাংকো পাঞ্জা, অভিনেত্রী জেসমীন, চিত্রনায়িকা কেয়া, পরীমনি, খল-অভিনেতা গাঙ্গুয়া ও সীমানা।
অপর প্যানেলে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। এই প্যানেলে সহসভাপতি পদে লড়ছেন মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল, সহসাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফরহাদ। এই প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হচ্ছেন রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ডন ও হরবোলা।
