উৎসবমুখর নির্বাচনের খুঁটিনাটি

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১২:২৮ এএম

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন যেন বেশিই পাদপ্রদীপের আলোয় চলে এসেছে। গতকাল ভোটের দিন সকাল থেকেই বিএফডিসিতে শিল্পী-কলাকুশলীদের ভিড় শুরু হয়। নির্বাচন কভার করতে গণমাধ্যমেরও আগ্রহের কোনো কমতি ছিল না। সারা দিন ভোটের কার্যক্রমের পাশাপাশি ঘটেছে নানা খুঁটিনাটি বিষয়। তা নিয়ে এই আয়োজন।

উপচেপড়া ভিড়...

বেলা ১১টায় এফডিসির গেটে দেখা যায়, ভোটকে কেন্দ্র করে তারকাদের দেখতে এফডিসির গেট জনসমুদ্রে পরিণত হয়েছে। কারওয়ান বাজার রেলগেট থেকে হাতিরঝিল মোড় পর্যন্ত সড়কে জ্যাম দেখা যায়। হাজারও মানুষের ভিড় সামলাতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে শিল্পী সমিতির নির্বাচন কমিশন প্রদত্ত পরিচয়পত্র ছাড়া ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। তবে একাধিক গণমাধ্যমকর্মীর অভিযোগ, পুলিশ সদস্যদের বৈধ পরিচয়পত্র দেখানোর পরেও দুর্ব্যবহারের শিকার হয়েছেন তারা।

আলোচিত ভোটার...

প্রথম ভোট দেন সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন। তারপর ভোট দিতে দেখা যায় বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াতকে। মিশা-জায়েদ প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী অভিনেতা ডিপজল ভোট দিয়ে বলেন, ‘এমন শান্তিপূর্ণ নির্বাচনই হওয়া উচিত। আমরা সবাই আশাবাদী।’

ভোট দিতে এসেছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। কপালে সিঁদুর, গয়নাসহ গায়ে জড়ানো লাল শাড়ি। নায়িকার এমন সাজসজ্জার কারণেই বোধ হয় গণমাধ্যমকর্মীদেরও মিমের কাছে নির্বাচনের চেয়ে তার নতুন সংসার জীবন নিয়েই ছিল বেশি প্রশ্ন! মিম জানান, বিয়ের পর গণমাধ্যমের সামনে যাওয়ার সুযোগ হয়নি। এটাই তার প্রথম উপস্থিতি! তিনি বলেন, ‘বিয়ে করেছি বলে ভোট দিতে আসব না, তা কী হয়! আমি পরিবর্তনে বিশ্বাসী। শিল্পী সমিতির নেতৃত্বে পরিবর্তন আসা উচিত।’ দীর্ঘদিন আড়ালে থাকা চিত্রনায়ক শাকিল খান এবার কার্যনির্বাহী পরিষদের প্রার্থী ছিলেন। তিনি বলেন, ‘নির্বাচন করার ইচ্ছা ছিল না। কাঞ্চন ভাই যখন আমাকে বললেন, শাকিল, “আমরা একটা সুন্দর প্যানেল করেছি। তুমি আমাদের সঙ্গে থাকতে পারো।” পরে তার কথাতেই আমি নির্বাচনে এসেছি। এই ভোটে জিতলে কোটি কোটি টাকা পাব না। এখানে শিল্পীদের একজন অভিভাবক দরকার, যে লোকটি শিল্পীদের টেককেয়ার করতে পারবে। আমি সেই টিমে থাকতে পারলে, শিল্পীদের যদি কোনো কাজে আসতে পারি, ভালো লাগবে।’ দুপুর ঠিক ১২টার সময় ভোট দিতে আসেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘করোনার পর আবার শিল্পীরা এই দিনটিকে ঘিরে এক হয়েছেন, আমার কাছে ভোটের দিন মনে হচ্ছে না। এ দিনটি আমার কাছে মনে হচ্ছে মিলনমেলা। যারা নির্বাচনে অংশ নিচ্ছেন কেউ প্রতিপক্ষ নয়। সবাই আমার কাছের মানুষ।’ এ ছাড়া ভোট দিতে আসেন বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারা, একসময়ের পর্দা কাঁপানো তিন নায়িকা মুনমুন, ময়ূরী ও পলি। প্রথমবার ভোট দিতে আসেন নায়িকা দীঘি। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা ডলি জহুরকে দেখে সবাই আপ্লুত।

অনুপস্থিত

সুপারস্টার শাকিব খান, মাহিয়া মাহি, পরীমণি, আরিফিন শুভর মতো ব্যস্ত তারকারা ভোট দিতে আসেননি।

জায়েদের বিরুদ্ধে নিপুণের অভিযোগ

দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমকর্মীদের ডেকে জায়েদ খানের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ আনেন নিপুণ। তিনি বলেন, ‘আমি দুবার নির্বাচন কমিশনকে অভিযোগ দিয়েছি যে ভোটারদের টাকা দেওয়া হচ্ছে। কিন্তু কোনো প্রতিকার পাইনি। অনেক লোক আমাকে এসে বলেছে, জায়েদ খান ভোটারদের টাকা দিচ্ছে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই আমি ভোটকেন্দ্রের ভেতরে এসে দাঁড়িয়েছি। আমার কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে, জায়েদ খান চাদরের নিচ থেকে টাকা বের করে ভোটারদের হাতে তুলে দিচ্ছে। তারপরও আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমার কোনো চাপ মনে হচ্ছে না।’ এ সময় পাশেই দাঁড়িয়েছিলেন জায়েদ খান। তিনি অবশ্য সঙ্গে সঙ্গেই নিপুণের এমন অভিযোগ অস্বীকার করেন।

কাঞ্চন-মিশার সৌজন্য

দুপুরে একে অন্যকে দেখে জড়িয়ে ধরেন দুই সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। এ সময় গণমাধ্যমকে উদ্দেশ করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ভোট কীভাবে করতে হয়, প্রার্থীদের আচরণ কেমন হবে, তা আমাদের দুই সভাপতি প্রার্থীর আচরণই বলে দিচ্ছে। একজন আরেকজনকে ধাওয়া করে, গুলি করে, কিন্তু আমরা শিল্পী। আমাদের মধ্যে এসব নেই। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এটাই শিল্পীদের পরিচয় দেয়।’ এ সময় মিশা সওদাগর বলেন, ‘কাঞ্চন ভাইয়ের সাথে নির্বাচন করতে পেরে আমি সম্মানিত। তিনি অত্যন্ত ভালো মানুষ, ভালো অভিনেতা। তবে আমি জয়ের ব্যাপারে ৬০ ভাগ আশাবাদী।’ কাঞ্চন হাসিমুখে বলেন, ‘শিল্পীরা সবাই খুব ভালো অভিনয় করে। যারা ভালো অভিনয় করে, তাদের ব্যাপারে আগেই কিছু বলতে চাই না। আমি ভোটের ফলাফলে বিশ^াসী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত