নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ২০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। ভাসানচরে রোহিঙ্গাদের জীবনযাত্রার মানোন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। গতকাল শুক্রবার ঢাকায় জাপান দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বিজ্ঞপ্তিতে বলেছেন, এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট সমাধান গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের সুরক্ষায় বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যে উদ্যোগ নিয়েছে, সেটা প্রশংসনীয়। রোহিঙ্গাদের জীবনযাত্রার মানোন্নয়নে জাতিসংঘ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।
মিয়ানমারের রাখাইনে নৃশংসতার শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করে। কয়েক মাসে অন্তত ৮ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।
কক্সবাজারের ক্যাম্পে চাপ কমাতে অন্তত এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করে সরকার। সেজন্য সরকারের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচরে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করে নৌবাহিনী। ১৩ হাজার একর আয়তনের ওই চরে রোহিঙ্গাদের বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়। ইতিমধ্যে ৯ দফায় ২০ হাজারের মতো রোহিঙ্গাকে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।
