আরো একবার বল হাতে আলো ছড়ালেন খুলনা টাইগার্সের থিরাসা পেরেরা। লঙ্কান এই অলরাউন্ডারের পেসের সঙ্গে ছিল মেহেদি হাসানের স্পিন ঘূর্ণি। ফলে ক্রিস গেইল আলো কাড়ার পরও ফরচুন বরিশালের পুঁজিটা খুব বেশি বড় হয়নি।
তবে তরুণ বাঁহাতি পেসার মেহেদী হাসান রানার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওই পুঁজি নিয়েও খুলনার বিপক্ষে জয় তুলে নিল বরিশাল।
বিপিএলে শনিবার দিনের প্রথম ম্যাচে খুলনাকে ১৭ রানে হারিয়েছে বরিশাল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২৪ রানে গুটিয়ে যায় খুলনা। মেহেদি রানা ৪ ওভার বল করে ১৭ রান খরচায় ৪ উইকেট নেন।
মেহেদির রানার সঙ্গে মুজিব উর রহমান ও জেক লিন্টটও দারুণ বল করেন। মুজিব ২২ রান খরচায় ২টি এবং লিন্টট ১৯ রান খরচায় নেন ২ উইকেট।
খুলনার পক্ষে অধিনায়ক মুশফিকুর রহিম ৩৬ বলে ৪০ রান করেন ১টি করে চার ও ছক্কায়। পঞ্চম উইকেটে ইয়াসির আলির সঙ্গে ৪৬ রান যোগ করেন তিনি।
ইয়াসির ২০ বলে ২৩ রান করে ফেরার পর থিরাসা পেরেরা ৯ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। কিন্তু সেটা খুলনার জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১৯তম ওভারের শেষ বলে মুশফিককে ফিরিয়ে খুলনার ইনিংস গুটিয়ে দেন মেহেদী রানা।
এর আগে ক্রিস গেইলের ব্যাটে ভালো শুরু পেলেও শেষ ১৯ রান যোগ করতেই ৫ উইকেট হারানোয় বরিশালের পুঁজিটা বড় হয়নি। ৪ উইকেটে ১২২ থেকে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪১ রানে থামে দলটি।
গেইল ৩৪ বলে ৪৫ রান করেন ৬ চার ও ২ ছক্কায়। তৌহিদ হৃদয় ২১ বলে ২৩ রান করেন। ম্যাচসেরা হয়েছেন মেহেদি রানা।
চার ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে বরিশালের অবস্থান পঞ্চম। হারলেও খুলনা বরিশালের সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
