নির্বাচন থেকে সরে গিয়েও ৭৯ ভোট পেলেন পরী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ০৯:৫৪ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ কার্যমেয়াদের নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। কিন্তু মা হতে যাওয়ার কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তার প্রার্থিতা বাতিল হয়নি। ফলে ভোটাররা প্রত্যাশা করেছিলেন পরীমণি অন্তত ভোটের দিন এফডিসিতে আসবেন, ভোট চাইবেন। কিন্তু ২৮ জানুয়ারি সারা দিন এফডিসিতে দেখা মেলেনি পরীমণির।

মূলত শারীরিক অসুস্থতার কারণেই প্রার্থী হয়েও ভোট দিতে আসেননি পরীমণি। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েও এই নায়িকা ভোট পেয়েছেন ৭৯টি!

পরীমণির মা হওয়ার খবর গণমাধ্যমে আসে ১০ জানুয়ারি। আর কাঞ্চন-নিপুণ প্যানেল তাদের প্যানেলে পরীমনিকে যুক্ত করার খবর জানায় ১২ জানুয়ারি। মা হওয়ার খবর জেনেও কেন তাকে প্যানেলে রাখার সিদ্ধান্ত নিলেন কাঞ্চন-নিপুণরা? এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন নির্বাচনের গণমাধ্যমকে সেসময় জানান, ‘পরীমনি কোনো নির্বাচন করেননি বা চেয়ারেও ছিলেন না, কিন্তু শিল্পীদের জন্য তার সহমর্মিতা ছিল। সে চেষ্টা করেছে শিল্পীদের পাশে থাকার। এমন মনের মানুষদের আমরা আমাদের প্যানেলে রাখার চেষ্টা করেছি। সে জন্যই পরীমনি আমাদের প্যানেলে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত