বিরোধী রাজনৈতিক দলগুলোর আপত্তির মধ্যেই নির্বাচন কমিশন নিয়োগ বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হলো।
শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ এ তার সদয় সম্মতি প্রদান করেছেন রাষ্ট্রপতি।
গত বৃহস্পতিবার বহুল আলোচিত এ বিল জাতীয় সংসদে পাস হয়।
সংসদের ভেতরে ও বাইরে আইনটি নিয়ে চলছে অনেক আলোচনা-সমালোচনা।
বিএনপি ছাড়াও সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ অধিকাংশ দল বৃহত্তর রাজনৈতিক ঐকমত্য ছাড়া এই আইন পাসের বিরোধিতা করে আসছে।
