বিএনপি-জামায়াত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগে ৪১ লাখ ডলার খরচ করেছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। তারা সব সময়ই ষড়যন্ত্র করছে।’
গতকাল শনিবার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লবিস্ট ষড়যন্ত্র এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের করণীয়’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘সম্প্রতি বিএনপি-জামায়াত যে ষড়যন্ত্র করেছে, তা স্পষ্ট। বিএনপি ও তাদের সহোদর জামায়াতে ইসলামী শুধু যুক্তরাষ্ট্রেই লবিস্ট নিয়োগের জন্য ৪ দশমিক ১৩২ মিলিয়ন ডলার খরচ করেছে। এর মধ্যে জামায়াত দশমিক ৩৮২ মিলিয়ন এবং বিএনপি ৩ দশমিক ৭৫ ডলার খরচ করেছে।’
আবদুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ আইনবিরোধী নয়। বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান লবিস্ট নিয়োগ করে ব্যবসার জন্য ও রাজনৈতিক কারণে। কিন্তু পৃথিবীতে কোনো দেশ, কোনো প্রতিষ্ঠান নেই যে, একটি দেশের বিরোধী দল যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে? এমন কাহিনী আমরা প্রথমবার জানলাম। অন্য কোনো দেশের বিরোধী দল দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করে, এটা আগে দেখিনি।’
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত লবিস্ট নিয়োগের হিসাবনিকাশ দেখিয়েছে কি না, এই টাকা কীভাবে বিদেশে পাঠাল, ট্যাক্স দিয়েছে কি না, আইনের ব্যত্যয় হয়েছে কি না এসব আমাদের জানার বিষয়। বিএনপি লবিস্ট নিয়োগ করে যুক্তরাষ্ট্রকে বলেছে, তারা যেন বাংলাদেশে কোনো সহায়তা না দেয়।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর। তারা এখানে অনেক বিনিয়োগ করেছে। এতে আমাদের উন্নয়ন হয়েছে। তবে এ বিনিয়োগ ঠেকাতে লবিং হয়েছে। যারা এসব করেছে, তারা বাংলাদেশের মানুষের মঙ্গল চায় না। এটি নিয়ে দেশবাসীর প্রশ্ন করা উচিত। বিএনপি যুক্তরাষ্ট্রের নেতাদের কাছে ১৮টি চিঠি দিয়েছে। এসব চিঠিতে অসত্য তথ্য দেওয়া হয়েছে। এসব মানুষের জানানো দরকার।’
তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে র্যাব কাজ করছে। তাদের কারণেই দেশে সন্ত্রাস কমেছে। এজন্য তাদের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে। বিদেশে আমাদের লবিস্ট আমাদের দূতাবাস। তারাই আমাদের এক নম্বর লবিস্ট। অনেক প্রবাসী দেশের জন্য নিজের পয়সায় লবিস্টের কাজ করেন। আমিও দেশের জন্য লবিস্টের কাজ করেছি, কোনো দিন পয়সা নেইনি।’
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু বক্তব্য দেন।
