৩ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩তম আসর। তার আগে গতকাল রাজধানীর পাঁচ তারকা হোটেলে হয়েছে লোগো উন্মোচন অনুষ্ঠান। যেখানে উপস্থিত হয়ে নিজ নিজ দলের লক্ষ্য ও প্রত্যাশার কথা বলেছেন ১২ দলের ১২ অধিনায়ক। মোটাদাগে দু’রকম লক্ষ্য নিয়ে লিগ শুরু করতে চান তারা। কয়েকজনের রয়েছে শিরোপায় চোখ। বাকিদের লক্ষ্য লিগে টিকে থেকে অবস্থানের উন্নতি।
বসুন্ধরা কিংস গেল দু’বারের শিরোপাজয়ী। এবার দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল ডিফেন্ডার তপু বর্মনকে। স্বাধীনতা কাপে পাওয়া চোট দীর্ঘ সময়ের জন্য ছিটকে ফেলেছে তপুকে। তাই অধিনায়কত্বের দায়িত্ব নিতে হচ্ছে দলের আক্রমণভাগের প্রাণভ্রমরা রবসন রবিনহোকে। এই ব্রাজিলিয়ান লিগ শিরোপার আশা ব্যক্ত করেছেন, ‘আমরা একটা টুর্নামেন্ট খেলিনি। আর একটা কাপ জিততে পারিনি। এটাই ফুটবল। কখনো জিতব, কখনো হারব। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব লিগ জয়ের।’ কিংসের হ্যাটট্রিক লিগ জয়ের পথে সবচেয়ে বড় বাধা আবাহনী। এর মধ্যেই মৌসুমের দুটি টুর্নামেন্টের শিরোপা জিতেছে আকাশি-হলুদ জার্সিধারীরা। কিংসের কাছে দুই মৌসুম আগে লিগ শিরোপা খোয়ানো দলটির নেতৃত্ব দেবেন চোট থেকে ফেরা স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। দুটি শিরোপা আবাহনীকে লিগের আগে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে বলে মনে করেন জীবন, ‘আমরা লিগের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। যদিও সহজ নয়, তবে আমরা শিরোপার জন্য খেলব এবং আশা করি শিরোপা জিতব। দুটি শিরোপা জিতে আমরা বুঝিয়েছি এবার লিগ জয়ের ব্যাপারে আমরা কতটা মুখিয়ে আছি।’
গতবারের রানার্স-আপ শেখ জামাল ধানম-ি ক্লাব এবারও অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ফরোয়ার্ড সলোমন কিংকে। আরেকবার দলবদ্ধ হয়ে সাফল্যের খোঁজ পেতে চাইছেন এই গাম্বিয়ান, ‘ব্যক্তিগতভাবে আমি গোল করতে চাই। কিন্তু দলীয়ভাবে আমরা যত বেশি গোল করব, দলের জন্য সেটা আরও ভালো। আমাদের লক্ষ্য যেহেতু লিগ শিরোপা, তাই প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ দুদিন আগেই অধিনায়ক হিসেবে আশরাফুল ইসলাম রানার নাম ঘোষণা করেছে বিগ বাজেটের দল শেখ রাসেল ক্রীড়াচক্র। কিংস, আবাহনী, জামালের মতো তারাও দল গড়েছে শিরোপায় চোখ রেখে। রানা মনে করেন সেই সামর্থ্য রাসেলের আছে, ‘এবার আমাদের দল অনেক ভালো। সামর্থ্য বিবেচনায় অবশ্যই চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার মতো। এখন বিদেশি চারজনকে সেরাটা দিতে হবে। তবেই আমাদের ভালো সুযোগ তৈরি হবে।’ শিরোপা দৌড়ে খানিকটা পিছিয়ে থাকলেও সাইফ স্পোর্টিং ক্লাবকে হিসেবে রাখতে হচ্ছে অনেক কারণেই। দলটির নেতৃত্বে আছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। এছাড়া ডাগআউটে থাকবেন বর্ষীয়ান আর্জেন্টাইন কোচ ডিয়েগো ক্রুসিয়ানি। বিদেশিরাও দুটি টুর্নামেন্টে ভালো করেছেন। সব মিলিয়ে জামাল ভালো সম্ভাবনা দেখছেন সাইফেরও, ‘অবশ্যই আমরা এ বছর জয়ের চেষ্টা করব। যদিও কাজটা কঠিন। ৫-৭টা দল শিরোপার জন্য লড়বে। লিগ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ দল গঠনে এবারও নামের প্রতি সুবিচার করতে পারেনি মোহামেডান। তারপরও দলটির অধিনায়ক সুলেমানে দিয়াবাতে ভালো কিছুর প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে শিরোপার কথা বলেননি মালির এই ফরোয়ার্ড, ‘আশা করি মোহামেডানে ভালো করবে। সেরা চারে থেকে লিগ শেষ করতে চাই আমরা।’
ফেডারেশন কাপের ফাইনাল খেলেই রহমতগঞ্জ তাদের জাত চিনিয়েছে। কার্যকর চার ভিনদেশিতে পুরনো ঢাকার দলটি শিরোপা প্রত্যাশীদের জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে এবার। দলের অধিনায়ক মাহমুদুল হাসান কিরণ বলেন, ‘সবকিছুতেই চ্যালেঞ্জ। আমরা কঠোর পরিশ্রম দিয়ে প্রমাণ করতে চাই এটা (ফেডারেশন কাপের ফাইনাল খেলা) মিরাকল নয়। এছাড়া চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক কৌশিক বড়ুয়া, পুলিশ এফসির দানিলো আগুস্তো, মুক্তিযোদ্ধার তেতসুয়াকি মিসুয়া, উত্তর বারিধারার মোহাম্মদ জুয়েল ও নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের সজল ইসলাম লিগে টিকে থেকে নিজ নিজ জায়গায় উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন।
