ঢাকা-শারজাহ রুটে ইউএস-বাংলার ফ্লাইট শুরু

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১০:৩৫ এএম

মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। রবিবার রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে একাদশ আন্তর্জাতিক রুট হিসেবে শাহজাহর উদ্দেশ্যে প্রথম ফ্লাইট ছেড়ে যায়।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইনসের পরিচালক-কাস্টমার সার্ভিস একেএম জুনায়েদ, পরিচালক-ফ্লাইট অপারেশনস ক্যাপ্টেন নূর উদ্দিন আল মাসুদ, মহাব্যবস্থাপক-অপারেশনস জুলফিকার আলী, মহাব্যবস্থাপক-কাস্টমার সার্ভিস ইমরান আহমেদ, মহাব্যবস্থাপক-কাস্টমার সার্ভিস একে আজাদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রাথমিকভাবে সপ্তাহে ছয় দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা।

কর্তৃপক্ষ জানায়, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শনিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে রাত ৯টায় ছেড়ে সরাসরি শারজাহ স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় পৌঁছাবে। অপরদিকে শারজাহ  থেকে মঙ্গল, বুধ ও শুক্রবার স্থানীয় সময় রাত দেড়টায় রওনা দিয়ে ঢাকায় সকাল ৮টায় অবতরণ করবে। এ ছাড়া সোম, বৃহস্পতি ও শনিবার রাত দেড়টায় শারজাহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সকাল ৮টায় গন্তব্যে অবতরণ করবে।

উড়োজাহাজ সেবা প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২০২১ সালে ১ ফেব্রুয়ারি ফ্লাইট পরিচালনা শুরু করে।

শারজাহতে কয়েক লাখ বাংলাদেশি রয়েছেন। ইউএস-বাংলা কর্তৃপক্ষ মনে করছে, দুবাইয়ের মতো এ শহরের যাত্রীদের কাছেও নতুন রুটটি অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। 

বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য দুবাই, মাসকাট ও দোহা, দূরপ্রাচ্যের কুয়ালালামপুর, সিঙ্গাপুর, দক্ষিণ এশিয়ার মালদ্বীপ, প্রতিবেশী দেশ ভারতের চেন্নাই, কলকাতা এবং চীনের অন্যতম গন্তব্য গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। করোনা কারণে ব্যাংকক রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ ছাড়া খুব শিগগিরই কলম্বো, দিল্লি, জেদ্দা, রিয়াদ, মদিনা, দাম্মাম রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।

ইউএস-বাংলা ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে তাদের বহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০-সহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত