বাংলাদেশকে সাহায্য বন্ধ করার জন্য মির্জা ফখরুল নিজে চিঠি লিখেছেন: তথ্যমন্ত্রী

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০৮:০৪ পিএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে চিঠিদাতাদের রাজনীতি করার অধিকার থাকে না। জনগণ থেকে দূরে সরে গেছে বুঝতে পেরে বিএনপি এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। মির্জা ফখরুল সাহেব নিজে দস্তখত দিয়ে চিঠি লিখেছেন বাংলাদেশকে সাহায্য বন্ধ করে দেয়ার জন্য। সাহায্য মানুষের জন্য, জনগণের জন্য আসে, সাহায্য সরকারের জন্য আসে না। যে রাজনৈতিক দল নিজেরা স্বাক্ষর করে বাংলাদেশে সাহায্য বন্ধ করে দেয়ার জন্য বিদেশিদের কাছে চিঠি লেখে, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার থাকে না।

সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেক্ষে করোনা প্রতিরোধসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজীত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমে দেখলাম গতকাল বিএনপির একটি সভা হয়েছে। সেই সভায় পলাতক আসামি তারেক রহমান সভাপতিত্ব করেছেন। হাইকোর্টের একটি আদেশ আছে, তারেক রহমানের ব্যাপারে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। কিন্তু আমি গণমাধ্যমে দেখলাম তিনি সভাপতিত্ব করেছেন সেই সংবাদ পরিবেশিত হয়েছে। এটি হাইকোর্টের নির্দেশনার বরখেলাপ।

এই করোনার মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৫ জন, অনেক সংসদ সদস্য এবং কমপক্ষে দেড় হাজার নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন উল্লেখ করে ড. হাছান বলেন, চট্টগ্রামে আমার রাঙ্গুনিয়া উপজেলায় আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা মেয়র করোনায় মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এভাবে মানুষের পাশে দাঁড়ায়নি। বিএনপি এবং তার মিত্ররা শুধু ফটোসেশনের মধ্যে আর টেলিভিশনে উঁকি দিয়ে সভা করেছে, আর সরকারের সমালোচনা করেছে।

করোনা পরিস্থিতি নিয়ে বিএনপি যতো অপপ্রচার চালিয়েছে এ জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত বলে উল্লেখ করে তিনি বলেন, যারা সমালোচনা করেছিলেন তাদেরও আমরা করোনার টিকার বুস্টার ডোজ দিয়েছি। বিএনপির যেসব নেতা এখনো বুস্টার ডোজ নেননি, সরকারের কাছে টিকা আছে আসুন আমরা আপনাদের বুস্টার ডোজ দেবো। আপনারা সুস্থ থাকুন, কিন্তু দয়া করে অহেতুক সমালোচনা করবেন না। 

হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গণতন্ত্রকে সুসংহত করার জন্য সংবিধান অনুযায়ী পার্লামেন্টে আইন পাস করেছেন যে কিভাবে নির্বাচন কমিশন গঠিত হবে। সুশীল সমাজের প্রতিনিধি ও বিএনপি নেতারাও বলেছিলেন এই দেশে ১৫ দিনেও আইন হয়েছে সুতরাং তাড়াতাড়ি একটি আইন করুন। যেই আমরা আইন করার উদ্যোগ নিলাম এবং আইনটি পাস হলো, অমনি তারা ভিন্ন সুরে কথা বলা শুরু করলেন, মির্জা ফখরুল সাহেবও আবোল-তাবোল বলা শুরু করেছেন। আওয়ামী লীগ এই আইন পার্লামেন্টে নিয়ে এসেছে এবং এতে বিএনপির সংসদ সদস্যরাও অংশগ্রহণ করেছেন, তাদের সংশোধনীও গ্রহণ করা হয়েছে, এরপরও তারা সমালোচনা করেন। আসলে বিএনপিকে ‘না’ রোগে পেয়ে বসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত