সিনহা হত্যাকাণ্ড: সাত পুলিশ সদস্য কারামুক্ত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৫ পিএম

দেশের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার রায়ে খালাস পাওয়ায় প্রায় দেড় বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাত পুলিশ সদস্য। 

বেকসুর খালাস পাওয়া পুলিশ সদস্য হলো আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বরখাস্ত উপপরিদর্শক মো. শাহজাহান, সহকারী উপপরিদর্শক লিটন মিয়া, কনস্টেবল মো. রাজীব, মো. আবদুল্লাহ, সাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুন।

সোমবার রাতে প্রয়োজনীয় কাগজপত্র আদালত থেকে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। ওই রাতেই তাদের কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

বরখাস্ত সহকারী উপপরিদর্শক লিটন মিয়ার স্ত্রী হ্যাপি আক্তার বলেন, ‘দীর্ঘদিন পর আইনি লড়াই শেষে স্বামীকে ফিরে পেয়ে অনেক খুশি লাগছে। ন্যায়বিচার পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

কক্সবাজারের জেল সুপার নেচার বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত পুলিশ সদস্যকে বেকসুর খালাস দেওয়া হয়। সোমবার রাতে কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরে যান তারা।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হয় সোমবার। রায়ে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলির ফাঁসির আদেশ দেন আদালত। এ ছাড়া মামলার আসামি নন্দ দুলালসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাতজনকে খালাস দেওয়া হয়।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত