সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে বিদেশি ও প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই থেকে ১৫৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার কিনেছেন। বিপরীতে এ বাজারের মাধ্যমে বিক্রি করেছেন ১৭৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। অর্থাৎ বছরের প্রথম মাসে তারা যত টাকার শেয়ার কিনেছিলেন তার থেকে ২৩ কোটি বেশি মূল্যের শেয়ার বিক্রি করেছেন। এ সময় মোট ৩৩১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছেন বিদেশি ও প্রবাসীরা। দীর্ঘ দুই বছর পর ডিএসই বিদেশিদের শেয়ার কেনাবেচার তথ্য প্রকাশ করল।
ডিএসই সূত্র জানিয়েছে, সার্বিক হিসাবে এখনো বিদেশিরা কেনার তুলনায় বিক্রি বেশি করছেন। তবে আগে এর ব্যবধান যতটা ছিল, এখন তা অনেকটাই কমে এসেছে। এমনকি কোনো কোনো মাসে বিক্রির তুলনায় বেশি কিনছেন এমন তথ্যও মিলছে। যেমন গত ডিসেম্বরে বিদেশিরা বিক্রির তুলনায় বেশি শেয়ার কিনেছিলেন। ওই মাসে তারা মোট ৩৪৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা করেছিলেন। এর মধ্যে ক্রয় ছিল ১৯৪ কোটি ২০ লাখ টাকার। বিপরীতে বিক্রি ছিল ১৫৪ কোটি ৬৬ লাখ টাকার। অর্থাৎ গত বছরের শেষ মাসে বিক্রির তুলনায় ৩৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার বেশি কিনেছিলেন।
ডিসেম্বরে সর্বাধিক বিনিয়োগ বেড়েছিল ব্র্যাক ব্যাংকে। নভেম্বর শেষে ব্যাংকটিতে বিদেশি ও প্রবাসীদের ছিল মোটের ৩৬ দশমিক ৮১ শতাংশ, যা ডিসেম্বরে বেড়ে ৩৭ দশমিক ৮৮ শতাংশে উন্নীত হয়েছিল। শেয়ার বেড়েছিল প্রায় দেড় কোটি, যার সম্ভাব্য বাজারমূল্য ছিল ৮২ কোটি টাকা। বিপরীতে বিক্রি হওয়া শেয়ারের বাজারমূল্য টাকার অঙ্কে সবচেয়ে বেশি ছিল আইডিএলসির।
জানুয়ারিতে বিদেশিরা কোন কোম্পানির শেয়ার কেনাবেচা করেছেন সবচেয়ে বেশি, সে তথ্য এখনো পাওয়া যায়নি।
