শীত কমেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫১ এএম

হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার প্রভাবে খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে এ লঘুচাপের প্রভাব পড়েছে দেশ জুড়ে প্রবাহিত শৈত্যপ্রবাহেও। আগের দুদিনের তুলনায় গতকাল মঙ্গলবার অনেক এলাকার তাপমাত্রাই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস করে বেড়েছে।

গতকাল পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নওগাঁ ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় বৃষ্টি হতে পারে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাগেরহাটের মোংলায় ২৯ ডিগ্রি সেলসিয়াস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত