করোনা পরিস্থিতিতে এবারও পিছিয়ে যাওয়া অমর একুশে বইমেলা মাসব্যাপী আয়োজনে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে প্রকাশক সমিতি। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমি কর্র্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।
পরে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘প্রকাশকরা চানআগামী ১৫ ফেব্রুয়ারি শুরু করে ১৭ মার্চ পর্যন্ত বইমেলা করতে। তাদের প্রস্তাব আমরা সরকারের সংশ্লিষ্টদের জানাব। করোনা পরিস্থিতি বিবেচনা করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর মধ্যে মেলার প্রস্তুতি চলবে।’
বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, ‘আমরা মাসব্যাপী বইমেলা করার প্রস্তাব দিলে সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি পাঠানোর কথা জানান বাংলা একাডেমির কর্তাব্যক্তিরা। সরকার অনুমোদন দিলে তারা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।’
প্রত্যেক বছর ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হয়ে চলে পুরো মাস। তবে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এবার বইমেলা দুই সপ্তাহ পেছানো হয়। পরে শর্তসাপেক্ষে আগামী ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা আয়োজনের প্রস্তুতি নিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বাংলা একাডেমিকে নির্দেশনা দেওয়া হয়।
গত রবিবার বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান স্বাক্ষরিত এক চিঠিতে প্রকাশকদের করোনা টিকা নেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়, শর্তসাপেক্ষে করোনা পরিস্থিতি বিবেচনায় ১৫-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা আয়োজনের প্রস্তুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, এবার বইমেলায় ক্রেতা-দর্শনার্থী ও বিক্রেতাদের দেখাতে হবে করোনা টিকার সনদ। বইমেলা সংশ্লিষ্ট সবাইকে টিকার আওতায় আনতে বাংলা একাডেমি প্রাঙ্গণে বিশেষ বুথ বসানো হবে। এর জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠিও দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। ১৫ ফেব্রুয়ারি মেলা শুরু করার জন্য প্রস্তুতিও রয়েছে তাদের। তবে মেলা কবে শুরু হবে এবং কতদিন চলবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।
করোনা মহামারীর কারণে গত বছরও অমর একুশে বইমেলা দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ শুরু হয়ে নির্ধারিত সময়ের দুদিন আগে ১২ এপ্রিল শেষ হয়।
