প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার আগে সতীর্থ জাহানারা আলমকে স্কোয়াডে ফিরে পেয়ে বেশ উচ্ছ্বসিত টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা।
শৃঙ্খলাজনিত কারণে সম্প্রতি মালয়েশিয়ায় কমনওয়েলথ গেমসের বাছাইয়ে বাংলাদেশ দলে ছিলেন না জাহানারা। বিশ্বকাপ স্কোয়াডে এই অভিজ্ঞ পেসারকে নির্বাচকেরা স্কোয়াডে রাখবেন কিনা তা নিয়ে গুঞ্জন শুরু হয়।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে জাহানারাকে। সতীর্থকে ফিরে পেয়ে মঙ্গলবার বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার বলেন, ‘জাহানারা আপু অভিজ্ঞ খেলোয়াড় এবং তিনি আমাদের সেরা বোলার। দলে তার উপস্থিতি মানে বিশাল এক চাপ থেকে মুক্তি। আমরা তার ওপর নির্ভর করতে পারি।’
তিনি আরও বলেন, ‘তিনি সব সময় আমাকে ও বোলিং ইউনিটকে সাহায্য করেন এবং এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দলে ফিরে আসায় আমি খুবই খুশি।’
আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হবে এবারের ৫০ ওভারের বিশ্বকাপ। ৮ দলের আসরে প্রাথমিক পর্বে সব দল লড়বে একে-অপরের সঙ্গে। বাংলাদেশ নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ শুরু করবে ৫ মার্চ ডানেডিনে, দক্ষিণ আফ্রিকা বিপক্ষে।
তার আগে নিউজিল্যান্ডে পৌঁছার পর ১০ দিনের কোয়ারেন্টিনে থাকবে টাইগ্রেসরা। যা দেশটিতে বাংলাদেশ নারী দলের প্রথম সফরও।
