আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর গতকাল বুধবার প্রথমবারের মতো খুলেছে দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। পুরুষ শিক্ষার্থীদের পাশাপাশি নারী শিক্ষার্থীদেরও (শর্তসাপেক্ষে) ক্যাম্পাসে ফিরতে দেখা গেছে বলে জানিয়েছে এএফপি।
তালেবানের ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী শেখ আবদুল বাকি হাক্কানি জানিয়েছিলেন, ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। শীত কম পড়েছে, এমন প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলো ২ ফেব্রুয়ারি ও শীত বেশি, এমন প্রদেশে ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। তবে নারী শিক্ষার্থীরা ফিরবেন কি না, সে সম্পর্কে তিনি কিছু উল্লেখ না করায় এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিক পরিকল্পনা ঘোষণা না করলেও তালেবানের শিক্ষা কর্মকর্তারা বলেছেন, পুরুষ শিক্ষার্থীদের থেকে আলাদা থাকার শর্তে নারীদের ক্লাস করার অনুমতি দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলীয় জালালাবাদের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আজ নানগারহার বিশ্ববিদ্যালয়ে আলাদা একটি দরজা দিয়ে নারী শিক্ষার্থীদের প্রবেশ করতে দেখেছেন তিনি। এটি আফগানিস্তানের সবচেয়ে বড় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি।’
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবান শাসন চলার সময়ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীরা নিষিদ্ধ ছিলেন। তবে ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানে আবারও ক্ষমতা দখল করার পর তালেবান সদস্যরা দাবি করেন, তারা পাল্টে গেছেন। তবে এরপরও তাদের নিজেদের পরিকল্পনায় অটল থাকতে দেখা যায়। অনেক প্রদেশের মাধ্যমিক বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে।
