করোনায় মৃত্যু ঊর্ধ্বমুখী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৭ এএম

করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে দেশে জানুয়ারি মাসে প্রতিদিন সংক্রমণ বাড়লেও গত কয়েক দির ধরে এ হার নিচের দিকে নামছে। রোগী ও শনাক্তের হার কমছে। কিন্তু মৃত্যু এখনো ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা) নতুন রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ১৮০ এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪৬১ জনের। এর আগের দিন মঙ্গলবার ১৩ হাজার ১৫৪ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছিল ৩১ জনের। গত সোমবার শনাক্ত ও মৃত্যু ছিল যথাক্রমে ১৩ হাজার ৫০১ ও ৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত এক দিনে দেশে ৪৪ হাজার ৩০৮

জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪৩ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার নমুনা পরীক্ষার বিবেচনায় এ হার ছিল ২৯ দশমিক ১৭ শতাংশ। গত সোমবার এ হার ছিল ২৯ দশমিক ৭৭ শতাংশ। আর এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১ কোটি ২৫ লাখ ৬৮ হাজার ২২৬টি নমুনা। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫১ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১২ হাজার ১৯৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭ হাজার ৩৭৫, ময়মনসিংহে ৩০৫, চট্টগ্রামে ১ হাজার ৬৫৯, রাজশাহীতে ৮৯৯, রংপুরে ৪৫৬, খুলনায় ৭৪০, বরিশালে ৪২১ এবং সিলেট বিভাগে ৩৩৮ জন রয়েছে। এ সময়ে মারা যাওয়াদের মধ্যে ১৭ পুরুষ ও ১৯ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৩, চট্টগ্রামে ৫, রাজশাহীতে ৬, খুলনায় ৭, বরিশালে ৩ এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১ জন করে ২ জন মারা গেছে।

এদিকে গতকাল দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, ওমিক্রনের নতুন ধরন দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে। এর একটি উপধরন বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে। এই নতুন উপধরন আরও বেশি সংক্রামক হতে পারে। এ কারণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে বিভিন্ন গবেষণার তথ্য উল্লেখ করে জানিয়েছে, ওমিক্রনের নতুন উপধরন কিন্তু আগের তুলনায় বেশি সংক্রামক হতে পারে। বেশি সংক্রামক হলে ক্ষতি করার সম্ভাবনাও বেড়ে যায়। কাজেই আমাদের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। রোগীর সংখ্যা কোনোভাবেই যাতে না বাড়ে সেজন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলাসহ দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে।

অধ্যাপক নাজমুল বলেন, হাসপাতালগুলোতে আগের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে। রোগীর সংখ্যা যখন বাড়ে সামগ্রিকভাবে আইসিইউ-এইচডিইউ এবং অক্সিজেন সরবরাহের ওপর চাপ সৃষ্টি হয়। রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকলে পুরো স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত