করোনা সংক্রমণ বাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৬ ফেব্রুয়ারি থেকে আরও দুই সপ্তাহ বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার এখন ৩০ ভাগের কাছাকাছি। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার শিক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান যে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ আছে, সেই বন্ধ থাকার সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানো হবে।’ সবাই স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চলার মাধ্যমে সংক্রমণের হার কমে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। তারা বলেছেন, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রেখে দেখা যেতে পারে। ১২ ফেব্রুয়ারি জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক হবে। তবে কারিগরি পরামর্শক কমিটি বললেই সবটা যে হবে, তা নয়। আমাদের আরও অংশীজন রয়েছে। তাদের সঙ্গেও পরামর্শ করতে হয়। এখনই বন্ধ হবে তা আমি বলছি না।’
দীপুমনি বলেন, সংক্রমণ কমে আসার ফলে আমরা শিগগিরই শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে শ্রেণিকক্ষে পাঠদানের দিকে নিয়ে যেতে পারব।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে জানুয়ারির শুরু থেকে দেশে আবার সংক্রমণ দ্রুত বাড়তে শুরু করে। ওই পরিস্থিতিতে গত ২১ জানুয়ারি দেশের সব স্কুল, কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
