অর্ধেক জনবলে আরও দুই সপ্তাহ ব্যাংকিং

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৭ এএম

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আরও দুই সপ্তাহ অর্ধেক জনবল নিয়ে ব্যাংকিং লেনদেন পরিচালনার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করা হয়। সার্কুলারে বলা হয়, বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্র্তৃক গত ২৪ জানুয়ারি ডিওএস সার্কুলার লেটার নং-০৪ এ প্রদত্ত সকল নির্দেশনার সময়সীমা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো।

এর আগে গত ২৪ জানুয়ারি ওমিক্রনের সংক্রমণ রোধে ব্যাংকে ৫০ শতাংশ জনবল নিয়ে রোস্টার পদ্ধতিতে ব্যাংক লেনদেন পরিচালনার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই দফায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিয়ম মেনে চলতে বলা হয়। এখনো পরিস্থিতি সংকটময় থাকায় গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ আরও দুই সপ্তাহ বেসরকারি প্রতিষ্ঠান সীমিত জনবল নিয়ে পরিচালনার নির্দেশনা দেওয়ায় বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনায় আরও জানানো হয়, করোনার বিস্তার রোধে সরকারের দেওয়া বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

অন্য কর্মকর্তা ও কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি করবেন। ব্যাংকে সেবা নিতে আসা গ্রাহকদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধিসংক্রান্ত নির্দেশাবলি কঠোরভাবে পরিপালন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত