হাজার কোটি টাকা বিনিয়োগ করে বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপ গড়ে তুলেছে স্পোর্টস কমপ্লেক্স। বিপিএলকে সামনে রেখে তারা সব ধরনের প্রস্তুতিই নিয়েছিল। তাদের চাওয়া ছিল বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ম্যাচগুলো ওই ভেন্যুতে আয়োজনের। সেটা মেনে না নিয়ে চরম ভেন্যু সংকট থাকা সত্ত্বেও বাফুফে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সকে বাতিল করার হঠকারী সিদ্ধান্ত নেয়। বাফুফে যে দুটি ভেন্যুতে গতকাল থেকে লিগ শুরু করেছে মানে-গুণে তা কিংসের মাঠের ধারেকাছেও নেই। এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি বসুন্ধরা কিংস। তবে ক্লাব সূত্রে জানা গেছে, তারা অচিরেই ফিফা ও এএফসির কাছে ভেন্যু বাতিল করার জন্য নালিশ করবে।
ফিফা বরাবরই নিজ ভেন্যুতে ঘরোয়া ফুটবল আয়োজনকে উৎসাহিত করে। তাদের নিয়মে আছে, কোনো ফুটবল অ্যাসোসিয়েশন কোনো ক্লাবের হোম ভেন্যুকে যৌক্তিক কারণ ছাড়া বাতিল করতে পারবে না। অথচ বাফুফে চড়ে বসেছে উল্টোরথে। সেই নিয়মের তোয়াক্কা না করে তারা একটা সম্ভাবনাময় উদ্যোগকে অঙ্কুরেই ধ্বংস করে দিয়েছে। এ কারণেই বিষয়টি সহজে ভুলতে পারছে না কিংস। তারা এর শেষ দেখতেই দ্বারস্থ হতে যাচ্ছে ফিফা ও এএফসির কাছে। তাদের মাঠ বাদ দিয়ে নিম্নমানের মাঠে লিগ আয়োজনের সব তথ্য-প্রমাণ সংগ্রহ করেই তারা আনুষ্ঠানিক নালিশ করবে ফুটবলের সর্বোচ্চ দুটি সংস্থার কাছে।
