২৬টি বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৮ এএম

দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা ১০ প্রজাতির ২৬টি বন্যপ্রাণী মোংলার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এগুলো অবমুক্ত করে র‌্যাব, কোস্টগার্ড ও বন বিভাগ। প্রাণীগুলো অভিযান চালিয়ে উদ্ধার করে র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, গত ১৮ জানুয়ারি যশোরের মনিরামপুর, সাতক্ষীরার মুন্সীগঞ্জ ও ১৫ জানুয়ারি খুলনার পাইকগাছার কপিলমুনি থেকে ১০ প্রজাতির ২৬টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

এসব বন্যপ্রাণীর মধ্যে রয়েছে একটি মেছোবিড়াল, একটি শজারু, দুটি বানর, একটি গন্ধগোকুল, একটি অজগর, দুটি গোখরো সাপ, দুটি ধূসর বক, ছয়টি ডাহুক পাখি, একটি পানকৌড়ি ও নয়টি সুন্ধি কচ্ছপ।

এই প্রাণীগুলোর করমজলে অবমুক্তের সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, স্টাফ কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান নির্মল কুমার পাল ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাওলাদার আজাদ কবির।

র‌্যাবের কোম্পানি কমান্ডার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, অবৈধভাবে একটি চক্র সুন্দরবনে এসব বন্যপ্রাণী সংরক্ষণ করেছিল। যেটি এই সুন্দরবনের জন্য ক্ষতিকর। এ কারণে গোয়েন্দা সদস্যদের তথ্য অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। যারা এসব প্রাণী সংরক্ষণ করে রেখেছিলেন তাদের জেল-জরিমানাও করা হয়েছে।

এর আগে গত বছরের ২৭ নভেম্বর বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্ক থেকে ১৬ প্রজাতির ৪৩টি বন্যপ্রাণী জব্দ করে সুন্দরবনের এই করমজলে অবমুক্ত করা হয় বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত