রাজধানীতে যুবকের অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৯ এএম

রাজধানীর জিগাতলার একটি বাসায় রজব আলী (৩২) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জিগাতলা পুরাতন কাঁচাবাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট আক্কেলপুর উপজেলার সনাতনপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে রজব আলী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া জানে হোসেন জানান, তার ও রজবের বাড়িও একই এলাকায়। জিগাতলায় ওই বাসাতেও তারা পাশাপাশি থাকেন। চারতলা বাসাটির নিচতলায় মুন্না নামে একজনের সঙ্গে থাকত রজব। সন্ধ্যায় তার রুমমেট এসে দরজা নক করলে সে কোনো সাড়াশব্দ করেনি। পরে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে রজবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে দ্রুত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রজব নিজে ই-কমার্স ব্যবসা করত। এজন্য তার বাবা তাকে অনেক টাকাও দিয়েছেন। তবে ব্যবসায় অনেক টাকা ক্ষতি হয়েছে তার। এজন্য মানসিক হতাশা থেকে সে গলায় ফাঁস দিতে পারে বলে ধারণা তাদের।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা-পুলিশকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত