করোনা মোকাবিলা

বাংলাদেশকে ২৫ কোটি ইউরো দিচ্ছে ইআইবি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৮ এএম

নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন কেনা এবং দেশজুড়ে কভিড-১৯ টিকাদান কর্মসূচি সফলভাবে পরিচালনার জন্য বাংলাদেশকে ২৫ কোটি ইউরো সহায়তা দেবে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। গতকাল বৃহস্পতিবার ইইউ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কভিড-১৯-এর নেতিবাচক প্রভাব হ্রাস করার পাশাপাশি এই আর্থিক সহায়তা বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে সমৃদ্ধ, নাগরিকদের কভিড-১৯-এর প্রভাব থেকে নিরাপত্তা প্রদান এবং টেকসই অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।

২০২১ সালে দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য খাতের জন্য ইআইবির অনুমোদিত বরাদ্দ সাড়ে ৪২ কোটি ইউরো সহায়তার এটা প্রথম ধাপ এবং এর অন্যতম উদ্দেশ্য কভিড টিকাদানে সুদূরপ্রসারী সহায়তা ও স্বাস্থ্যসেবা সমৃদ্ধকরণ। বাংলাদেশ, মালদ্বীপসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এর আওতায় পড়বে।

ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বলেন, ‘বাংলাদেশ এবং ইআইবির অংশীদারত্বে ভ্যাকসিন কেনার জন্য ২৫ কোটি ইউরোর এই ঋণ সবচেয়ে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে ইআইবির কর্মকাণ্ড বিস্তার হচ্ছে এবং তা ভবিষ্যতে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।’

বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ‘ইআইবির এ সহায়তা বাংলাদেশ এবং টিম ইউরোপ অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা বাংলাদেশকে মহামারী মোকাবিলায় সাহায্য করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত