পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী। এতে সাত সেনা ও সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য নিহত হয়েছেন বলে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন। খবর এএফপির।
হামলার দায় স্বীকার করে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে বলেছে, সেখানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। বিস্ফোরকভর্তি গাড়িও ছিল। এতে ৫০ জনের বেশি সেনা নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত বুধবার রাতভর এসব হামলার ঘটনা ঘটেছে। এমন সময়ে সেখানে হামলার ঘটনা ঘটে, যখন চীন এই প্রদেশে বিনিয়োগ করছে। উইন্টার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। ইমরান খান চীনে যাওয়ার কয়েক ঘণ্টা আগে এ হামলার ঘটনা ঘটল।
হামলার পর একটি ভিডিও বিবৃতিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী বড় হামলা দুটি প্রতিহত করেছে। এ হামলায় সাত সেনা ও সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য নিহত হয়েছেন। আরও চার-পাঁচজন সশস্ত্র সদস্যকে ঘিরে রাখা হয়েছে, সেনাবাহিনী তাদের মোকাবিলা করবে।’
গত সপ্তাহে বিদ্রোহীরা বেলুচিস্তানের আরব সাগরের গোয়াদর বন্দরের কাছে সেনাবাহিনীর একটি চেকপোস্টে হামলা চালিয়ে ১০ সেনাকে হত্যা করেছিল। সেটি বেলুচিস্তানে বহু বছর ধরে চলা বিদ্রোহের মধ্যে সেনাবাহিনীর সবচেয়ে বেশি সেনা নিহত হওয়ার ঘটনা ছিল।
পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় বালুচ গেরিলারা কয়েক দশক ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে বেলুচিস্তানের গ্যাস ও খনিজসম্পদ শোষণ করছে বলে অভিযোগ তাদের।
