মায়ের কোল ফিরে পেল সেই নবজাতক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৫ এএম

অবশেষে মায়ের কোল ফিরে পেল চাঁদপুরের মতলব উত্তরে বিক্রি হওয়া এক নবজাতক। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করে মা তামান্না বেগমের কোলে ফিরিয়ে দিয়েছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মো. শরিফুল হাসান।

গত ২৬ জানুয়ারি মতলব উত্তর উপজেলার পালস-এইড জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে সিজারের মাধ্যমে একটি ছেলেসন্তান জন্ম দেন তামান্না বেগম। পরে হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকার এক প্রবাসীর স্ত্রী সিমলা আক্তারের কাছে ৫০ হাজার টাকায় নিজ নবজাতককে বিক্রি করে দেন তিনি। এ ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের সহায়তায় মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় নবজাতককে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মো. শরিফুল হাসান বলেন, ঘটনাটি জানতে পেরে আমরা শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে বিভিন্ন জায়গায় খোঁজখবর করি। পরবর্তীতে জানতে পারি ষাটনল এলাকার এক প্রবাসীর স্ত্রী সিমলা আক্তার শিশুটিকে লালন-পালন করার জন্য নেন। 

 শিশুটির অবস্থান জানতে পেরে আমরা উভয়পক্ষের সঙ্গে কথা বলে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি।

তিনি বলেন, সিমলা আক্তার যে টাকা দিয়েছিলেন তা তিনি দাবি করেননি। তাই তাকে কোনো টাকা পরিশোধ করতে হয়নি।

সন্তান নিজের কাছে ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন মা তামান্না বেগম। তিনি বলেন, ছেলেকে বিক্রির পর একটি মুহূর্তের জন্যও তাকে ভুলতে পারছিলাম না। আমার সন্তান ফিরে পেয়ে আমি অত্যন্ত খুশি। আমি প্রশাসন ও ওই পরিবারের সদস্যদের কাছে কৃতজ্ঞ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত