বিচারপতি নাজমুল আহাসানের মৃত্যু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৬ এএম

সুপ্রিম কোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আর নেই। গতকাল শুক্রবার সকাল সোয়া ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আইনমন্ত্রী আনিসুল হকসহ বিভিন্ন স্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, ২৬ দিন আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগের বিচারক হিসেবে আরও তিন বিচারকের সঙ্গে নিয়োগ পেয়েছিলেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। গত ৯ জানুয়ারি শপথ গ্রহণ করে বিচারকাজে অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু ওই সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় শপথ নিতে পারেননি তিনি। শপথ নিয়ে বিচারকাজে যোগদানের আগেই চিরবিদায় নিলেন নাজমুল আহাসান।

সুপ্রিম কোর্টের এই কর্মকর্তা জানান, সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মরদেহ নিয়ে আসা হয় তার কর্মস্থল সুপ্রিম কোর্টে। বেলা ১১টার কিছু পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন সংলগ্ন প্রাঙ্গণে মরহুমের জানাজা হয়। জানাজা শেষে মরদেহ বরিশালের হিজলায় তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবার কবরের পাশে তাকে দাফন করার কথা।

১৯৫৫ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন নাজমুল আহাসান। বিএ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৮৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হিসেবে জেলা বারে আইন পেশা শুরু করেন। এরপর ১৯৯৪ সালের জানুয়ারিতে হাইকোর্ট বিভাগে এবং ২০০৯ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে এবং ২০১২ সালের ১৫ এপ্রিল হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত