লতা মুঙ্গেশকরের অবস্থা আশঙ্কাজনক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৩ পিএম

ভারতীয় সুর সম্রাজ্ঞী এবং কিংবদন্তী গায়িকা লতা মুঙ্গেশকরের শারীরিক অবস্থা ফের জটিল আকার ধারন করেছে। আর এই খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। সকলের কপালেই পড়েছে চিন্তার ভাজ।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, লতা মুঙ্গেশকরের শারীরিক অবস্থার ফের অবনতি ঘটেছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক। ফের তাকে দেওয়া হয়েছে ভেন্টিলেটশনে বা কৃত্রিম শ্বাস যন্ত্রে। আপাতত আইসিইউতেই ডাক্তারদের নজরদারিতে রয়েছেন তিনি।

গত সপ্তাহেই ভেন্টিলেশন থেকে বের করা হয় তাকে। চিকিৎসক প্রীত সামদানি এবং তার টিমের পর্যবেক্ষণে ছিলেন তিনি।

জানুয়ারির শুরুতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে লতার। তারপর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ৯ জানুয়ারি থেকে সেখানেই আছেন তিনি। তার শরীরে সামান্য উন্নতির আভাস পাওয়া গিয়েছিল। তবে, আজকের পাওয়া খবর অনুযায়ী ফের তার পরিস্থিতি গুরুতর আকার ধারন করেছে।

লতার মুখপাত্র গায়িকার পরিবারের পক্ষ এর আগেই ভারতবাসীর কাছে আবেদন রেখেছেন, ‘অনুরোধ, ভেসে বেড়ানো ভুয়া খবরকে গুরুত্ব দেবেন না। লতাদিদি এখনও আইসিইউতে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তার দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন’।

অযোধ্যা থেকে শুরু করে সারেগামাপা-র মঞ্চ নানা জায়গায় এই গায়িকার শরীরের উন্নতির জন্য বিশেষ যজ্ঞ করা হয়েছে। হয়েছে মহামৃত্যুঞ্জয় পাঠও। ভারতীয় সুর-সম্রাজ্ঞী যাতে দ্রুত সেরে ওঠেন সেই কামনাই চলছে সবার মনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত