হতাশার ভূত জনগণের ওপর চাপিয়ে দেওয়ার পাঁয়তারায় বিএনপি: কাদের

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৭ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় দলটির নেতারা আজ চরম হতাশার চোরাবালিতে নিমজ্জিত হয়ে পড়েছে। সেই হতাশার ভূত দেশের জনগণের ওপর চাপিয়ে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা যে রাজনৈতিক কূটচাল চেলেছিল এবং বিষয়টি নিয়ে জনগণকে জিম্মি করার যে অপচেষ্টায় লিপ্ত হয়েছিল, তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

‘একইসঙ্গে দেশের ভাবমূর্তি নষ্টে বিদেশে লবিস্ট নিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষতি সাধনের যে অপকৌশল তারা গ্রহণ করেছিল, তাদের সে ষড়যন্ত্রও ব্যর্থ হয়েছে’ যোগ করেন তিনি।

বিএনপি নেতৃবৃন্দকে দেশবিরোধী ষড়যন্ত্রের পথ পরিহার করার আহ্বান জানান সেতুমন্ত্রী।

এ সময় তিনি বলেন, শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে এক সময়ের মঙ্গা-খরা দুর্যোগ-দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সুবিধা-অসুবিধা বিবেচনায় নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ও ব্যবস্থাপনার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। তাই বাংলাদেশে এখন কোনো খাদ্যাভাব দেখা যায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত