প্রখ্যাত বাঙালি ইতিহাসবেত্তা, প্রত্নতত্ত্ববিদ, মুদ্রাবিজ্ঞানী, লিপিবিশারদ নলিনীকান্ত ভট্টশালী তৎকালীন বিক্রমপুরের এক শিক্ষিত ও সংস্কৃতিবান ব্রাহ্মণ পরিবারে ১৮৮৮ সালের ২৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯২২ সালে এমএ ডিগ্রি লাভ করার পর তিনি ইতিহাসের শিক্ষক হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যোগদান করেন। ১৯১৪ সালে তিনি সদ্যপ্রতিষ্ঠিত ঢাকা জাদুঘরের তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৩৩ বছর তিনি এ দায়িত্ব পালন করেন। বাংলা তথা পূর্ববাংলা (বঙ্গ-সমতট) ছিল ভট্টশালীর গবেষণার বিশেষ ক্ষেত্র। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে Coins and Chronology of the Early Independent Sultans of Bengal, Bengal Past And Present এবং Bengal Chiefs Struggle for Independence in the Reigns of Akbar and Jahangir। তার আরেকটি কীর্তিস্তম্ভতুল্য গ্রন্থ ও conography of Buddhist and Brahmanical Sculptures in the Dacca Museum। অক্লান্ত প্রচেষ্টার মধ্য দিয়ে তিনি পূর্ববঙ্গের কোটালীপাড়া, সাভার, রামপাল, বজ্রযোগিনী, সমতটে দেউলবাড়ি, বড়কামতা, ভারেল্লা, বিহারমন্ডল, লালমাই, ময়নামতী এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ আরও বহু স্থানকে পন্ডিতদের কাছে পরিচিত করে তুলেছিলেন। নলিনীকান্ত ভট্টশালী বহু বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য, প্রাচীন হস্তলিপিবিজ্ঞান ও ইতিহাস পড়িয়েছেন। ইতিহাস, প্রত্নতত্ত্ব, লিপিবিদ্যা, মুদ্রাবিজ্ঞান ও শিল্পকলা সম্পর্কে তিনি ইংরেজি ও বাংলা, উভয় ভাষায়ই ব্যাপকভাবে লেখালেখি করেছিলেন। তার গবেষণামূলক প্রবন্ধগুলো সমকালীন দেশি ও বিদেশি প্রধান সাময়িকীগুলোতে প্রকাশিত হয়েছে। ১৯৪৭ সালের ৬ ফেব্রুয়ারি ক্ষণজন্মা এই পন্ডিত মৃত্যুবরণ করেন।
×
