দুই লাল কার্ড দুই গোল

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৪ পিএম

২৩ মিনিটে মোহামেডানের সঙ্গে পিছিয়ে পড়া ম্যাচ শেষ পর্যন্ত ড্র করে বের হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। গতবারের প্রথম দেখার মতো এবারও সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে গিয়েছিল মোহামেডান। কিন্তু ৮৪ মিনিটে উজবেক ডিফেন্ডার আখমেতভের হেড করা গোলে পয়েন্ট নিয়ে বিপিএল শুরু করতে পারল শেখ রাসেল। স্কোরলাইনের মতো দুই দলেরই একজন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। দুটি গোলের পেছনেই রয়েছে এই লাল কার্ডের ভূমিকা।

টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে খেলার ২৩ মিনিটে গোলমুখের জটলা থেকে হেড করেছিলেন মোহামেডানের মালির স্ট্রাইকার দিয়াবাতে। গোল বাঁচানোর জন্য গোল লাইন থেকে হাত দিয়ে বল ঠেকান শেখ রাসেল ডিফেন্ডার সাদ উদ্দিন। শেষ রক্ষা হয়নি। হাতে লেগেও বল জালে জড়িয়ে যায়। এতে মোহামেডান স্পোর্টিং লিমিটেড গোল তো পেয়েছেই, দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে সাদকে। বল গোল লাইন অতিক্রম না করলে পেনাল্টি ছিল অনিবার্য।

প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল মোহামেডান। ২৬ মিনিটে দিয়াবাতের শট আটকান গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। মালির ফরোয়ার্ড গত আসরেও দারুণ খেলেছিলেন। ৩৩ মিনিটে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার অ্যারন জন রিয়ারডনের দারুণ হেডও ফিরিয়ে দেন শেখ রাসেল গোলরক্ষক রানা। এর কয়েক মিনিট পরই শেখ রাসেলের সমতা ফেরানোর সুযোগ নস্যাৎ করেন মোহামেডান গোলরক্ষক মোহাম্মদ সুজন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড থিয়াগো এদুয়ার্দো আমারালের নেওয়া শট ঠেকিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে ভালো খেলেছে শেখ রাসেল। ৬৬ মিনিটে বাতাসে বল দখলের লড়াইয়ে রহমত মিয়ার মুখে লাথি মেরে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডানের রাইটব্যাক মাসুদ রানা। মোহামেডানও ১০ জনের দল হয়ে পড়লে বল দখলের লড়াইয়ে ফিরে আসে সাইফুল বারির শিষ্যরা। ৮৫তম মিনিটে সমতায়ও ফেরে। রহমতের কর্নারে আখমেতভের হেডে কিছু করার ছিল না সুজনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত