বিএনপি নেতাদের প্রতিক্রিয়া

সার্চ কমিটি আ.লীগ সরকারের ভোট চুরির প্রজেক্ট

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৫ এএম

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির ঘোষিত সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি।

দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল শনিবার সাংবাদিকদের বলেছেন, ‘সার্চ কমিটি গঠন আওয়ামী লীগ সরকারের ভোট চুরির প্রজেক্ট। এই কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই। আওয়ামী লীগ ছাড়া এই কমিটি জনগণ ও গণতন্ত্রের কোনো কল্যাণে আসবে না। তাই সার্চ কমিটি নিয়ে দেশের জনগণ ও বিএনপি কিছু ভাবছে না। তোয়াক্কা করছে না।’

গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি করা হয়। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমরা মনে করি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। সার্চ কমিটি হোক আর যেই ইসি হোক এই সরকার থাকলে আমরা তাদের অধীনে কোনো নির্বাচনে যাব না।’

তিনি আরও বলেন, ‘সরকার ইসি গঠনের নামে যে সার্চ কমিটি করেছে তা আওয়ামী কমিশন হয়েছে। অংশীজনসহ কারও কোনো মতামতের তোয়াক্কা না করে তড়িঘড়ি করে ইসি গঠন আইন ছিল দুরভিসন্ধিমূলক, তা আজ প্রমাণিত হয়েছে। যারা নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচন করতে দৌড়ঝাঁপ করেছে এবং বিভিন্ন অবস্থানে থেকে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে তাদেরকে দিয়ে সার্চ কমিটি গঠনের মাধ্যমে সরকারের থলের বিড়াল বেরিয়ে এসেছে।’  

এ প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘সার্চ কমিটি হলো মানুষকে বিভ্রান্ত করা। আওয়ামী লীগের বাইরে সব রাজনৈতিক দল নির্বাচনকালীন সময়ে দলনিরপেক্ষ সরকার প্রত্যাশা করে। দলনিরপেক্ষ সরকার ক্ষমতায় না থাকলে প্রশাসন, ইসি কোনোটাই নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। একটা লোক দেখানো সার্চ কমিটির কাছে ভালো কিছু প্রত্যাশা করা যায় না।’

ইসি গঠনে করা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের পর বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভা হয়। ওই সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, ‘ইসি গঠনে খসড়া আইনটি “যেই লাউ সেই কদু, বরং পচা কদু”। এ আইনে ইসিতে সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ থাকতে পারবেন না। দুনিয়ার কোথাও এমন নিয়ম নেই। সারা জীবন সরকারি আদেশ মেনে চলা যাদের অভ্যাস, সেই কর্মকর্তাদের নিয়ে নতুন ইসি হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত