ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার সুরেশ রায়নার বাবা ত্রিলোকচাঁদ রায়না মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে রবিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
খবরটি নিশ্চিত করেছে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
বেলা সাড়ে ১১টার দিকে উপমহাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যু নিয়ে নিজের অফিশিয়াল টুইটার পেজে পোস্ট দেন রায়না। সেখানেই এই ক্রিকেটারের ভক্তরা তার পিতৃবিয়োগের জন্য সান্ত্বনা জানান।
এছাড়া রায়নার বাবার মৃত্যুর বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন তার জাতীয় দলের সাবেক সতীর্থ হরভজন সিং। ‘ভাজ্জি’ টুইট করেন, ‘সুরেশ রায়নার পিতৃবিয়োগের খবর শুনে খুবই দুঃখ পেলাম। শান্তিতে ঘুমান আংকেল’।
২০১৮ সালে জাতীয় দলের সঙ্গে ১৩ বছরের সম্পর্কের ইতি টানেন রায়না। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি। ২০২২ আইপিএলের মেগা নিলামেও অংশ নিচ্ছেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
