সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা দল ঘোষণা করেছে আইসিসি। ১২ সদস্যের দলটিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের রিপন মণ্ডল।
রবিবার এক বিবৃতিতে সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ জানায় আইসিসি। আগের দিনই ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত।
আইসিসির সেরা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শিরোপাজয়ী ভারতকে নেতৃত্ব দেওয়া যশ ধুল। দলটিতে মোট আট দেশের প্রতিনিধিত্ব রয়েছে। ভারত থেকে সর্বাধিক তিনজন সুযোগ পেয়েছেন।
পেস বিভাগে বাংলাদেশের রিপনের সঙ্গে রয়েছেন ইংল্যান্ডের জস বয়ডেন এবং পাকিস্তানের আওয়াইস আলি। স্পিনে ইংলিশ অলরাউন্ডার টম প্রেস্ট ও লঙ্কান দুনিথ ওয়েলালাগের সঙ্গে রয়েছেন ভারতের ভিকি অস্তওয়াল।
গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশকে এবার অষ্টম হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। আসরজুড়ে রিপন মণ্ডল দারুণ বোলিং করেছেন। ৬ ম্যাচে মোট ১৪ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ।
নিজেদের শেষ দুই ম্যাচে শতক তুলে নিয়েছিলেন আরিফুল ইসলাম। তবে তার জায়গা হয়নি এই দলে।
দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিস আসরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। যিনি ৫০৬ রান করে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রানের ইতিহাস গড়েন।
এই দল নির্বাচনে ছিলেন ধারাভাষ্যকার স্যামুয়েল বদ্রি, নাতালি জার্মানোস, আইসিসির ম্যাচ রেফারি গ্রায়েম লেব্রয় ও সাংবাদিক সন্দীপন ব্যানার্জি।
২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা দল
হাসিবুল্লাহ খান (পাকিস্তান) (উইকেটকিপার), টিগ ওয়েইলি (অস্ট্রেলিয়া), ডেভাল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), যশ ধুল (ভারত) (অধিনায়ক), টম প্রেস্ট (ইংল্যান্ড), দুনিথ ওয়েলালাগে (শ্রীলঙ্কা), রাজ বাওয়া (ভারত), ভিকি অস্তওয়াল (ভারত), রিপন মণ্ডল (বাংলাদেশ), আওয়াইস আলী (পাকিস্তান), জশ বয়ডেন (ইংল্যান্ড), নুর আহমেদ (আফগানিস্তান) (দ্বাদশ ব্যক্তি)।
