বিএনএস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এম এন এইচ বুলুর মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা।
রবিবার সকালে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় অবস্থিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক প্রকৌশলী আহমেদ বেলালের হাতে এ স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় ওই শিল্প গ্রুপের ন্যাশনাল কেমিক্যাল ম্যান: কোম্পানি লিমিটেড এবং এবিকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে ওই শিল্প গ্রুপের কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীরা কোম্পানির চেয়ারম্যানের মুক্তির দাবি জানান। এর আগে তারা ওই অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন।
গত বছর আমির ফুড নামের একটি প্রতিষ্ঠানে রপ্তানির বিপরীতে সরকারি প্রণোদনার অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা হয়। গত বছরের ১৬ নভেম্বর থেকে জেলহাজতে আটক আছেন।
দীর্ঘদিন জেলহাজতে আটক থাকার কারণে তিন মাস যাবৎ বিএনএস গ্রুপের প্রধান কার্যালয় ও এর অঙ্গ-প্রতিষ্ঠান দৈনিক সংবাদ প্রতিদিন, গাজীপুরের ন্যাশনাল কেমিক্যাল ম্যান: কোম্পানি লিমিটেড এবং এবিকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানাসহ অন্যান্য কারখানা ও অফিসের কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীরা বেতন পাচ্ছেন না।
