নিউ ইয়র্ক ফ্যাশন উইকে তাসনুভা আনান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৫ পিএম

বিশ্বের অন্যতম বৃহৎ সম্মানজনক ফ্যাশন আয়োজন ‘নিউ ইয়র্ক সিটি ফ্যাশন উইক ২০২২’-এ গেস্ট অ্যারিপায়েন্স দেওয়ার সুযোগ পেলেন বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠক ও মডেল তাসনুভা আনান। সেখান থেকে দেশ রূপান্তরকে জানালেন, ‘অবশ্যই এক্সাইটেড, কিন্তু টেনশনও কাজ করছে। বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে এমন একটা প্ল্যাটফর্মে প্রথম ট্রান্সজেন্ডার মডেল হিসেবে দেশকে রিপ্রেজেন্ট করতে পারছি, এটা অত্যন্ত গৌরবের। এটা আমার ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্যও অনেক বড় প্রাপ্তি। সারা জীবনই চেয়েছিলাম এমন কিছু করতে যা আমাদের কমিউনিটি নিয়ে প্রচলিত বাজে ধারণাগুলো বদলে দেবে। তবে সেটা যে নিউ ইয়র্ক ফ্যাশন উইক হবে, এবং এত দ্রুত সুযোগটা আসবে তা কখনো ভাবিনি। কৃতজ্ঞতা আয়োজন আরিফুল ইসলাম, ওয়েনে শেইল্ডস ও ওমর চৌধুরীর প্রতি।’ তিনি আরও বলেন, ‘দেশের প্ল্যাটফর্মগুলো ও ফ্যাশন অঙ্গনের মানুষগুলো আমাকে পাত্তা দেয়নি বলেই এতদিন স্বপ্নগুলো অধরা থেকে গেছে। এতবার রিজেকশনের ফলে স্বপ্ন ছোঁয়ার আকাক্সক্ষা আরও বেড়ে যায়। কিন্তু প্রকৃতি তো আসলে পরিশ্রমের ফল সব সময়ই দেয়। হয়তো বাংলাদেশের প্ল্যাটফর্মেই নিজের কমিউনিটিকে আমি তুলে ধরতে পারতাম। আমার জীবনযাপনের কষ্ট হয়তো তারা কমাতে পারতেন। সেটা হয়নি, কিন্তু এবার স্বপ্নের চেয়ে বড় কিছু পেয়ে গেছি। এখন যেটা মনে হয়, আমাকে তুলে ধরতে না পারা বাংলাদেশি ডিজাইনার কিংবা কোরিওগ্রাফারদের ব্যর্থতা। এটা নিয়ে আফসোস রয়েছে যে, নিজের দেশের মানুষ আমাকে মূল্যায়ন করল না। সেটা হলে অনেক কিছু শিখতে পারতাম, এখন আন্তর্জাতিকভাবে নিজেকে আরও ভালো করে রিপ্রেজেন্ট করতে পারতাম।’  ১১ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ফ্যাশন উইক। তাসনুভা ১২ ফেব্রুয়ারি র‌্যাম্পে হাঁটবেন স্প্যানিশ ডিজাইনার অস্কার গঞ্জালেসের পোশাক পরে। তবে এখনই পোশাক নিয়ে বিস্তারিত জানানো সম্ভব নয় তার জন্য। শুধু বললেন, লুক কী হবে? কীভাবে পোশাকটা ক্যারি করব? সব ঠিকমতো শেষ করতে পারব কি না এসব নিয়ে টেনশন কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত