রাজধানীতে যেকোনো অবকাঠামো নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি সিটি করপোরেশন থেকেও অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, শুধু অনুমোদন দিলেই হবে না, সিটি করপোরেশনকে অনুমোদন করা স্থাপনা নিয়মিত নজরদারির ব্যবস্থাও রাখতে হবে। তবে রাজউক বলছে, প্ল্যান অনুমোদন নয়; প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না তা মনিটরিং করবে সিটি করপোরেশেন।
গতকাল রবিবার সচিবালয়ে আসন্ন বর্ষা মৌসুমে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনে গৃহীত কার্যক্রমের পর্যালোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ, গণপূর্ত সচিব শহীদউল্লা খন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় তাজুল ইসলাম বলেন, বাসাবাড়িসহ সব ধরনের অবকাঠামো নির্মাণ করতে হলে সিটি করপোরেশন থেকে অনুমতি নিতে হবে।
