যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে পরিবারের চার সদস্যকে হত্যার পর আত্মহত্যা করেছে এক যুবক। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এবিসি নিউজ।
পুলিশ হামলাকারী হিসেবে ৪১ বছর বয়সী কেভিন মিলাজ্জোকে শনাক্ত করেছে। টেক্সাসের করসিক্যানা পুলিশ প্রধান রবার্ট জনসন জানিয়েছেন, নাভারো কাউন্টির মিলাজ্জোর পরিবারের নিহতদের মধ্যে রয়েছেন তার সৎ বাবা উইলিয়াম মিমস (৬৮), মা কনি মিমস (৬১), তার ছেলে জোশুয়া মিলাজ্জো (২১) ও তার সাবেক বান্ধবীর ছেলে হান্টার ফ্রিম্যান (৪)।
গুলিতে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন। তবে আহতের নাম প্রকাশ করেননি পুলিশ প্রধান।
পুলিশ বলছে, পরিবারের সবাইকে হত্যা করে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কেভিন মিলোজ্জো। এ সময় পুলিশ তার পিছু নেয় এবং কাছাকাছি পৌঁছে গেলে নিজের মাথায় গুলি করেন কেভিন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনার কারণ এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
