প্রকাশিত হলো কবি শুভ্র সরকারের তৃতীয় কবিতার বই ‘বাবা ও দৃষ্টিঘোড়া’। বইটি প্রকাশ করেছে পরম্পরা প্রকাশন। প্রচ্ছদ করেছেন শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য।
তিন ফর্মার পেপার ব্যাকের বইটিতে রয়েছে মোট চল্লিশটি কবিতা। পাওয়া যাবে পরম্পরা প্রকাশন ও উজানে (কনকর্ড এম্পোরিয়াম কমপ্লেক্স, কাঁটাবন, ঢাকা)। বইটির গায়ের মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা।
বাবা ও দৃষ্টিঘোড়া প্রকাশের প্রসঙ্গে কবি শুভ্র সরকার বলেন, ‘একটি ছোটকাগজের জন্য ২০১৯ সালে বাবাকে নিয়ে দশটি সিরিজ আকারে কবিতা লিখেছিলাম। পরে কাগজটা কোনো কারণে বের হয়নি। ফলে কবিতাগুলোও অপ্রকাশ্য রয়ে যায়। দীর্ঘদিন এটা নিয়ে ভাবিনি। অনেক পরে এসে ভাবলাম, বাবাকে নিয়ে তো আরও কবিতা লেখা যায়। সেই প্রয়াস থেকেই বাকি কবিতাগুলো লিখে ফেলেছিলাম।’
শুভ্র সরকারের অন্য দুই কবিতা বই হলো— বিষণ্ণ স্নায়ুবন (২০২০) এবং দূরে, হে হাওয়াগান (২০২১)। এছাড়া তিনি মেরুদণ্ড নামে একটি ছোটকাগজ সম্পাদনা করছেন।
