ব্যাধির বিরুদ্ধে মানুষের প্রাণান্তকর লড়াইকে উপজীব্য করে মৌরী তানিয়ার নতুন উপন্যাস ‘তিয়াস’ প্রকাশ করেছে অবসর প্রকাশনা সংস্থা।
চারু পিন্টুর প্রচ্ছদে এই উপন্যাসে ফুটে উঠেছে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের এক চিরায়ত জীবনের অসাধারণ আখ্যান।
উপন্যাসটি পাঠককে একটি দারুণ জার্নি করাবে। জীবনের ওই সব মুহূর্তের নানা ঘটনাপ্রবাহ তুলে ধরেছেন ঔপন্যাসিক।
পাঠ সংক্ষেপ: বুদ্ধি হওয়ার পর থেকেই মিন্তি কলকাতার টাটা মেডিকেল সেন্টারের ডরমিটোরি ‘প্রেমাশ্রয়া’র ২০২ নম্বর সুইটের ফ্রিজের তলা থেকে দেখে আসছে মানুষেরা কীভাবে ক্যানসারের সঙ্গে লড়াই করে; কখনো জয়ী হয়, কখনো হেরে যায়। সবার জন্যই তার ভীষণ মায়া। তবে ঝুমা নামের তরুণীটির জন্য তার মায়াটা বড্ড বেশি।
ঝুমা আপু এই সুইটে থেকে ক্যানসারের সঙ্গে লড়াই করে যাচ্ছে। তার মনটা ভীষণ নরম, সবার জন্য তার খুব মায়া; সবাইকে সে খুব ভালোবাসে। ঝুমা আপু যেন শুধু ভালোবাসার জন্যই পৃথিবীতে এসেছে। মিন্তিও তাই তাকে খুব ভালোবাসে, সে সারাক্ষণ প্রার্থনা করে, ঝুমা আপু যেন সেরে ওঠে।
কিন্তু ঝুমা কি ক্যানসারের সঙ্গে লড়াই করে জিতেছিল? নাকি হেরে গিয়েছিল? আর মিন্তিই বা কেন একদিন নিজের ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিল? সে যা চেয়েছিল, তা কি পেয়েছিল?
এমন নানা প্রশ্ন নিয়ে পাঠক নিশ্চিন্তে ডুব দেবে উপন্যাসের পাতায় পাতায়।
উপন্যাস: তিয়াস
লেখক: মৌরী তানিয়া
প্রকাশক: অবসর প্রকাশনা সংস্থা
প্রচ্ছদ চারু পিন্টু
দাম: ২৫০ টাকা
