ম্যাচের আগে অধিনায়ক বদল করল সিলেট সানরাইজার্স। মোসাদ্দেক হোসেনের জায়গায় নেতৃত্ব পেলেন রবি বোপারা। এমন দিনে ইংলিশ অলরাউন্ডার বল টেম্পারিং করে ধরা পড়লেন! যে কারণে ৫ রান পেনাল্টি দিতে হলো তার দলকে। বিপিএলের ঘটনাবহুল ম্যাচটায় খুলনা টাইগার্সের কাছে শেষ পর্যন্ত ১৫ রানে হারল সিলেট।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৬৭ রানে থামে সিলেটের ইনিংস।
শেষ ওভারে ৩৬ রানের সমীকরণ দাঁড়ায় সিলেটের সামনে। কামরুল ইসলামের করা ওভারের প্রথম তিন বলে ছক্কা হাঁকিয়ে উত্তেজনা জাগান আলাউদ্দিন বাবু। তবে পরের তিন বলে আর মাত্র ২ রান নিতে পারে সিলেট। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।
৭ ম্যাচ খেলা সিলেটের এটি পঞ্চম হার। বিপরীতে একটি ম্যাচ জিতেছে তারা, অন্যটি পরিত্যক্ত হয়। ৩ পয়েন্ট নিয়ে ছয় দলের আসরে সবার নিচে দলটি। অন্যদিকে ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে খুলনা।
৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সবার ওপরে ফরচুন বরিশাল। ৭ ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৮৩ রান তাড়া করতে নামা সিলেটের হয়ে শেষ দিকে বাবুর ওই ঝড় সবার চোখে লেগে থাকবে। মাত্র ৭ বলে ৩ ছক্কা ও ১ চারে অপরাজিত ২৫ রান করেন তিনি। মোসাদ্দেক ২২ বলে অপরাজিত ৩৯ রান করেন ৭ চারে।
ওপেনার এনামুল হক বিজয় ৩৩ বলে ৪৭ ও তিনে নামা কলিন ইনগ্রাম করেন ২৮ বলে ৩৭ রান। খুলনার পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন থিসারা পেরেরা ও সৌম্য সরকার।
এর আগে ব্যাট হাতে ঝলমলে এক ইনিংস উপহার দেন সৌম্য। সঙ্গে মুশফিকুর রহিমের দারুণ এক ইনিংসে ৩ উইকেটে ১৮২ রানের পুঁজি গড়ে খুলনা।
সৌম্য ৬২ বলে অপরাজিত ৮২ রান করেন ৪টি করে চার ও ছক্কায়। মুশফিকুর রহিম ৩৮ বলে অপরাজিত ৬২ রান করেন ৬ চার ও ২ ছক্কায়। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে এই দুজন ১৩৬ রান যোগ করেন।
