জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার এখন ব্যস্ত সময় কাটছে প্রিমিয়ার লিগের খেলা দেখা নিয়ে। এ মাঠ, ও মাঠ করেই তিনি নিতে চাইছেন এ দেশের ফুটবল সম্পর্কে ধারণা। আগামী মাসে ফিফা উইন্ডোতে একাধিক ম্যাচ খেলার সম্ভাবনা আছে জাতীয় দলের। প্রস্তুতি শুরুর আগে ফুটবলারদের পরখ করছেন। পাশাপাশি এ দেশের ফুটবল অবকাঠামো সম্পর্কেও একটা ধারণা পেয়ে যাচ্ছেন কাবরেরা।
নয়া কোচ লিগের ম্যাচ দেখেছেন টঙ্গী ও মুন্সীগঞ্জে। কাল মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারার ম্যাচ দেখতে এসে কোচ বলেন, ‘এই ভেন্যুগুলোর মাঠের মান আরও উন্নতি হওয়া উচিত। অনেক ম্যাচ এই দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। যে কারণে এ রকম মাঠে আকর্ষণীয় ফুটবল খেলা কঠিন।’ বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সও দেখে এসেছেন এই কোচ। এই মাঠ তার ভাবনাই বদলে দিয়েছে, ‘এই ভেন্যুটা দেখে খুব ভালো লেগেছ। ভালো স্টেডিয়ামে উন্নতমানের ঘাস থাকাটা বড্ড ইতিবাচক। এখানে কিছু ম্যাচ হলে অবশ্যই ভালো হবে। কারণ, মাঠটা খুব ভালো অবস্থায় আছে। এ ধরনের মাঠ ফুটবল উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে।’ ফুটবলারদের তিনি বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে যা পেয়েছি তাতে আমি খুশি। আমাদের অনেক ভালো ফুটবলার আছে, যারা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলতে পারে। আসলে আমাদের এগুতে হবে ধাপে ধাপে। ফিফা উইন্ডোকে লক্ষ্য রেখে এগুতে চাই।’
