ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া এখন ভালোবাসা দিবসের নাটক নিয়ে ব্যস্ত। একই সঙ্গে চলছে ধারাবাহিকের কাজ। সম্প্রতি তার দুটি নাটক সাড়া ফেলেছে। এই তারকার সঙ্গে কথা বলেছেন রণ
নতুন নাটক...
সম্প্রতি বেশ কিছু খণ্ডনাটকে কাজ করলাম। এর মধ্যে কিছু ভালোবাসা দিবসে, কিছু ঈদে আবার কিছু অন্য সময়ে প্রচার হবে। বাবা দিবসের জন্য অভিনয় করেছি রুবেল আনুশের ‘বাবার লেখা চিঠি’তে। সহশিল্পী ছিলেন গুণী অভিনেতা আশীষ খন্দকার ও ইমরান কৌশিক। এ কাজটির পোস্টার সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর থেকেই ভালো রেসপন্স পেয়েছি। ভালো গল্প ও নির্মাণ যারা দেখতে চান তাদের কাছে কাজটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ইমরানের সঙ্গে ভালোবাসা দিবসের আরও একটি নাটক করেছি। রোমান্টিক কমেডি ধাঁচের এই নাটকের নাম ‘গোঁফ’। এ ছাড়া ভালোবাসা দিবসের জন্য করেছি ওসমান মিরাজের পরিচালনায় একটি খণ্ডনাটক। নাম ঠিক না হওয়া এই নাটকটির সহশিল্পী শামীম হাসান সরকার। সামনে শ্যুটিং করব শামস করিমের পরিচালনায় ঈদের সাত পর্বের ধারাবাহিকে। সহশিল্পী থাকবেন মোশাররফ করিম।
ওয়েব...
প্রথমবার ওয়েব প্ল্যাটফর্ম চরকির জন্য কাজ করলাম। ভিকি জাহেদ পরিচালিত কনটেন্টটিতে আমার সঙ্গে আছেন আফরান নিশো। আরও অভিনয় করেছেন মেহ্জাবীন চৌধুরী ও মনোজ প্রামাণিক। কাজটি বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ আমার চরিত্রটি অনেক বেশি স্পর্শকাতর। এখনই এ নিয়ে এর বেশি বলা যাবে না। আমি চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। দেখা যাক দর্শকের রেসপন্স কেমন আসে। কাজটি নিয়ে সত্যিই আমি আশাবাদী।
ধারাবাহিক...
এখন শ্যুটিং করছি বাংলাভিশনে প্রচারচলতি ধারাবাহিক নাটক ‘বৌ দৌড়’-এর। এখানেও আমার সহশিল্পী মোশাররফ করিম। নাটকটির গল্প খুব মজার। তাই কাজ করতেও আরাম লাগে। একই টিভিতে প্রচার হচ্ছে আমার অভিনীত সাগর জাহান পরিচালিত ধারাবাহিক ‘অনলাইন অফলাইন’। এটি সমসাময়িক সময়ের শহর জীবনের গল্প। নাটকটির জন্য দর্শকের ভালোই সাড়া পাচ্ছি। আরটিভিতে চলছে ধারাবাহিক নাটক ‘চিটার এন্ড জেন্টলম্যান’ আর এটিএন বাংলায় রাশেদা আক্তার লাজুক পরিচালিত ধারাবাহিক ‘পরিবার’।
সাড়া...
সম্প্রতি প্রকাশিত খায়রাল বাশারের সঙ্গে আমার অভিনীত ‘পিঞ্জিরার পাখি’ নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তরুণ প্রজন্ম এ ধরনের রোমান্টিক নাটকই বেশি দেখতে চায়। এই নাটকে তানজীব সারোয়ারের গাওয়া টাইটেল গানের ভিডিওটিও দর্শক পছন্দ করেছে। তবে এ সময়ে নিলয়-নাদিয়া জুটির নাটক বেশি পছন্দ করছে। সম্প্রতি ‘বাবার পঙ্খিরাজ’ ও ‘তুমি যেখানে আমি সেখানে’ নামের নাটক দুটি প্রকাশের পর দারুণ সাড়া পেয়েছি। দুটিতেই আমার বিপরীতে আছেন নিলয় আলমগীর। আমরা বাস্তবেও খুব ভালো বন্ধু। সেই কেমিস্ট্রিই হয়তো পর্দায় ফুটে ওঠে।
