ঢাবিতে থাকছে না ‘ঘ’ ইউনিট, আসন কমবে ১০৮৫

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৯ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে পাঁচ ইউনিটের পরিবর্তে ক, খ, গ ও চ এই চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৫টির মতো আসন কমানো হবে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এটি চূড়ান্ত করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘ঘ ইউনিট না রাখার বিষয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভর্তি কমিটির সভায় আজ (গতকাল) সেটি অনুমোদন দেওয়া হয়। অ্যাকাডেমিক কাউন্সিলের সভায়  সেটা চূড়ান্ত করা হবে।’

তিনি জানান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘খ’, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা ও শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থীদের ইউনিট পরিবর্তনের নীতিমালা প্রণয়নের দায়িত্ব ডিনস সাব-কমিটিকে দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

এদিকে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘আসনসংখ্যা পুনর্নির্ধারণের বিষয়ে ডিনস কমিটির সভার সুপারিশ সাধারণ ভর্তি কমিটির সভায় পর্যালোচনা করা হয়। ভর্তি কমিটি ১ হাজার ৮৫টি আসন কমানোর সুপারিশ করেছে। অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনার পর এটি চূড়ান্ত হবে। পরে সিন্ডিকেট তা অনুমোদন করবে।’

উপাচার্যের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত